স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, দেশের পোশাক শিল্পে জামায়াত ও প্রতিক্রিয়াশীল রাজনৈতিক দলের লোক বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে। তৈরি পোশাক শিল্প আমাদের দেশের সম্পদ। এই সম্পদ রক্ষা করা আমাদের জাতীয় দায়িত্ব। এক্ষেত্রে কতিপয় ভাড়াটে লোক জামায়াত এবং প্রতিক্রিয়াশীল রাজনৈতিক দল বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে। এদের আমরা শক্ত হাতে দমন করবো। এর মধ্যে আমরা যে পদক্ষেপ নিয়েছি, সেই পদক্ষেপের আলোকে আমাদের তৈরি পোশাক শিল্প পূর্ণাঙ্গভাবে সচল রাখার চেষ্টা করা হচ্ছে।
গতকাল শুক্রবার দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি সংস্থা সমন্বিত কচুয়া উন্নয়ন প্রকল্প (কেআইডিপি) কর্তৃক আয়োজিত রাস্তা বনায়ন কর্মসূচির উপকারভোগীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আমির জাফর, উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী পাটওয়ারী, কেআইডিপির নির্বাহী পরিচালক মজিবুর রহমান প্রমুখ।
