বাংলাদেশে গণতন্ত্র হত্যাকারীরা সক্রিয়

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:১১
নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ও আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আমির হোসেন আমু এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুত্ খাতসহ প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধন করেছে। কিন্তু সব উন্নয়ন দৃশ্যমান হলেও তা পুরোপুরি সরকারের অনুকূলে বিরাজ করছে না। কারণ দেশে গণতন্ত্র হত্যাকারীরা সক্রিয় রয়েছে। তিনি বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ের নামে দেশে অরাজকতা সৃষ্টি করছে। কিন্তু তাদের মূল দাবি এটা নয়। তাদের মূল দাবি যুদ্ধাপরাধীদের বাঁচানো এবং বিচার বানচাল করা। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে প্রবাসী ঝালকাঠিবাসী আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন আমির হোসেন আমু। মতবিনিময় সভায় তিনি বলেন, বর্তমান সরকারের আমলে সব নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। বিরোধী দল একটি নির্বাচন নিয়েও কারচুপির অভিযোগ আনতে পারেনি। তিনি বলেন, দীর্ঘদিনের ঘাঁটি হিসাবে পরিচিত হবিগঞ্জের উপ-নির্বাচনে মাত্র এক হাজার ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী হেরেছিলেন। অথচ সরকার হস্তক্ষেপ করলে জয়ী হতে পারতেন।