ফুলবাড়ীয়ায় নিজ বাড়ি থেকে পরিবারের সদস্যদের পিটিয়ে উচ্ছেদ করলো প্রভাবশালীরা

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৩, ২২:১১
জেলার ফুলবাড়ীয়া উপজেলা সদরের গৌরীপুরে গতকাল শুক্রবার সকালে নিজ বাড়ি থেকে প্রভাবশালীরা নিরীহ এক পরিবারের সদস্যদের পিটিয়ে উচ্ছেদ করেছে। এ ঘটনায় একই পরিবারের ৪ মহিলা সদস্য আহত হয়। ফুলবাড়ীয়া থানার ওসি আনোয়ার হোসেন ভুঁইয়া বলেন, নিজ বাড়ি থেকে উচ্ছেদ করার অভিযোগ আমরা পেয়েছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা সদরের গৌরীপুরে মৃত আ. হাকিমের স্ত্রী মালেকা খাতুন (৬০) স্বামীর জমিতে ১২ বছর ধরে ১ ছেলে ও ৪ মেয়ে নিয়ে বসবাস করছেন। এ জমি নিয়ে পাশের বাড়ির আ. গফর ও হেলাল গংদের সাথে তার দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার দুপুরে সন্ত্রাসীরা মালেকার বাড়ির চারপাশে বেড়া দিয়ে গাছ কেটে ফেলে। এ সময় সন্ত্রাসীরা মালেকা খাতুন, তার মেয়ে শিল্পী আকতার (২০), পারভিন আকতার (২৩), কুলসুমকে (১৩) পিটিয়ে আহত করে। আহতদের ফুলবাড়ীয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। একইভাবে প্রভাবশালী সন্ত্রাসীরা গতকাল সকালে মালেকার বাড়ির দরজা ভেঙে জমি থেকে তাদের উচ্ছেদ করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৃদ্ধা মালেকা (৬৫) বলেন, আমি এখন ছেলে-মেয়ে নিয়ে কোথায় যাবো? আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করে আমাদের হুমকি দিচ্ছে।