ঝিনাইদহ, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে পরস্পর বিরোধের জের ধরে চারজন খুন হয়েছেন।— খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
ঝিনাইদহ
ঝিনাইদহ সদর উপজেলার ভিটসর গ্রামে গত শুক্রবার বিকালে দেবরের লাঠির আঘাতে স্ত্রী করবনা খাতুন (১৯) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। জানা যায়, ঘটনার দিন দেবরের কাপড় ধোয়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ভাবির মাথায় লাঠি দিয়ে আঘাত করলে সে গুরুতরভাবে আহত হন। পরে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
সাতক্ষীরা
সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা গ্রামে গতকাল শনিবার জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় রজব আলী ঢালি (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান খান জানান, ঘটনার দিন সকালে রজব আলীর ঘরের চালের বৃষ্টির পানি এনায়েত ঢালীর সীমানায় পড়লে এ নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে এনায়েত ঢালির লোকজন রজব আলি ঢাালিকে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে সে ঘটনাস্থলেই নিহত হয়।
লাকসাম (কুমিল্লা)
লাকসাম উপজেলার চিকুনিয়া গ্রামে গত শুক্রবার দুপুরে ভাতিজার ছুরিকাঘাতে চাচী তাহমিনা খানম (২২) এক গৃহবধূ নিহত হয়েছে। সে মিজানুর রহমানের স্ত্রী। আবদুল গফুরের ছেলে নয়নের সাথে তাহমিনার কথা কাটাকাটির এক পর্যায়ে নয়ন চাচীকে ছুরিকাঘাত করলে সে নিহত হন। ঘটনার পর থেকে নয়ন পলাতক রয়েছে।
শ্রীপুর (মাগুরা)
শ্রীপুর উপজেলার গোয়ালপাড়া গ্রামে গত শুক্রবার রাতে চাচাতো ভাই ফারুকের হাতে স্বপন শেখ (১৮) নামে একজন খুন হয়েছেন। জানা যায়, একটি ঘোড়া ক্রয়ের বিষয়ে চাচা ফজলু শেখের সাথে ভাতিজা ফারুক শেখের বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে ফারুক শেখকে স্বপন বেধড়ক মারধর করে। পরে ফারুক ক্ষিপ্ত হয়ে ভ্যানগাড়ির সিক দিয়ে তৈরি ধারালো অস্ত্র দিয়ে স্বপনের বুকে ও গলায় এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। আহত অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে ফারুক পলাতক রয়েছে।
মতলব দক্ষিণ (চাঁদপুর)
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উত্তর নলুয়া গ্রামে গত শুক্রবার রাতে ২য় স্ত্রীর লাঠির আঘাতে মোহাম্মদ মল্লিক (৭৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে হাকিম মল্লিক বাদি হয়ে তার মা ফুলমতিকে আসামি করে থানায় হত্যা মামলা করে। পুলিশ গতকাল শনিবার সকালে ঘটনাস্থল থেকে নিহতের স্ত্রী ফুলমতিকে গ্রেপ্তার করেছে। পারিবারিক কলহ এবং সম্পত্তির লোভে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। পুলিশ নিহতের লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
