কুমির চাষে সাফল্য

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:৩৮
ময়মনসিংহের ভালুকায় হাতিবেড় গ্রামে এক সময় হাতি থাকলেও এখন সেখানে হাতি নেই। কিন্তু সেই হাতিবেড় গ্রামেই মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে ২৫ একর জমির উপর একটি বিশাল কুমির খামার। কুমির উত্পাদনে খামারটি ব্যাপক সফলতা অর্জন করেছে। বাণিজ্যিক এই কুমির উত্পাদন খামার থেকে ২০১০ সালে প্রথমবারের মত ৬৭টি কুমির জার্মানিতে রপ্তানি করা হয়। আগামী বছরের মার্চ, এপ্রিলে কিংবা বছরের মাঝামাঝি সময়ে আরো ৫ থেকে ৬শ’ কুমির রপ্তানি করা হবে বলে জানিয়েছেন রেপটাইলস ফার্ম লিমিটেডের চেয়ারম্যান মেজবাউল হক ও পরিচালক রাজিব সোম। ইচ্ছা, চেষ্টা ও উদ্যম থাকলে যে সাফল্য অনিবার্য, তারই প্রমাণ মিলেছে রেপটাইলস ফার্ম লিমিটেডের উদ্যোক্তাদের ক্ষেত্রে। ভালুকায় হাতিবেড় গ্রামে ২০০৪ সালে মালয়েশিয়া থেকে মাত্র ৭৫টি কুমির এনে কুমিরের খামার শুরু করেছিল এ প্রতিষ্ঠানটি। বর্তমানে এ খামারে কুমিরের সংখ্যা ১৪ শ’ ৫০টি। এ প্রতিষ্ঠানটির শুরু থেকে খামার ব্যবস্থাপক হিসেবে ডা. আবু সাইম মোহাম্মদ আরিফ দায়িত্ব পালন করে আসছেন। তিনি জানান, কুমির একটি সংবেদনশীল প্রাণী। কুমির লালন-পালন করা একটি কঠিন কাজ। প্রতিটি কুমিরের আচরণবিধি জানতে হয়। কুমিরকে মাছ, মাংসসহ অন্যান্য খাবার দেয়া হয়। বড় কুমিরের ক্ষেত্রে সপ্তাহে, ছোট কুমিরের ক্ষেত্রে প্রতিদিনই খাবার দিতে হয়। এ খামারে স্থায়ীভাবে কর্মরত রয়েছেন ২০ জন। রেপটাইলস ফার্ম লিমিটেডের চেয়ারম্যান মেজবাউল হক জানালেন তার ভবিষ্যত্ পরিকল্পনার কথা। তিনি জানান, প্রতি বছরই তার খামারে কুমির বাচ্চা দিচ্ছে। বিদেশে কুমির রপ্তানি, প্রজনন, হ্যাচারি-নার্সারিসহ সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। তিনি স্থানীয় জনগণ ও সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, যত বেশি উদ্যোক্তা কুমির উত্পাদনের কাজে এগিয়ে আসবে, তত বেশি বিদেশি ক্রেতা আকৃষ্ট হবে। রেপটাইলস ফার্মের পরিচালক রাজিব সোম বলেন, আমাদের প্রধান উদ্দেশ্যই ছিল উন্নত জাতের চামড়ার কুমির উত্পাদন করা। ক্রোকোডাইল পুরুসাস হচ্ছে কুমিরের মধ্যে সবচেয়ে উন্নত জাত। এর চামড়া খুবই ভাল ও উন্নত। আমরা এটি লালন-পালন করছি। প্রতিটি কুমির ৬ মাস আলাদাভাবে রপ্তানির জন্য পরিচর্যা করা হচ্ছে। সিঙ্গাপুর, কোরিয়া, জাপানসহ বিভিন্ন দেশের ক্রেতাদের সাথে ইতিমধ্যে যোগাযোগ করেছি। আগামী মার্চ-এপ্রিলে এসব কুমির রপ্তানি করা হবে। প্রতি বছর এক হাজার কুমির রপ্তানির পরিকল্পনা নিয়ে কাজ করছি। প্রসঙ্গত উল্লেখ্য, সপ্তাহখানেক আগে রেপটাইলস ফার্ম লিমিটেড গাজীপুরে সদ্য প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ৬ দশমিক ৬ ফুট থেকে ৭ ফুট লম্বা পাঁচটি পুরুষ কুমির হস্তান্তর করেছে।