ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে রামগতিতে আহত ৩০

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪১
লক্ষ্মীপুরের রামগতিতে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার জনতা বাজার সংলগ্ন বালুরচর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় একটি দোকানসহ পাঁচটি ঘর ভাংচুর করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে স্থানীয় বালুরচর উচ্চ বিদ্যালয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রদল কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ছাত্রলীগের দুই কর্মী আহত হন। ওই ঘটনায় ছাত্রলীগের পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে রামগতি থানায় একটি মামলা করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে ছাত্রদলের ইউনিয়ন সভাপতি মো. হান্নানসহ ছাত্রদলকর্মীরা শুক্রবার দুপুর ২টার দিকে স্থানীয় জনতা বাজারে হাজিরহাট উপকূল কলেজ ছাত্রলীগের কর্মী মো. তারেককে মারধর করে। খবর পেয়ে ছাত্রলীগ কর্মীরা সংগঠিত হয়ে ছাত্রদল কর্মীদের ধাওয়া করেন এবং বাজারের চা দোকানদার বিএনপি সমর্থিত আকবরের দোকান ভাংচুর করে। একই সময় ছাত্রলীগ নেতা আকবর, কর্মী আক্তার, কালাম ও মনি বাড়ি ফেরার পথে ছাত্রদল কর্মীরা দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাদের জখম করে। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগ ও আওয়ামী লীগের লোকজন সংগঠিত হয়ে ছাত্রদল নেতা হান্নানের বাড়িতে হামলা চালিয়ে পাঁচটি বসতঘর ভাংচুর করে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে নারীসহ দু’পক্ষের অন্তত ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।