বিশ্বনাথে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে আজ ধর্মঘট

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪১
সিলেটের বিশ্বনাথে এক ব্যবসা প্রতিষ্ঠানে ছাত্রলীগ ক্যাডাররা হামলা ও ক্যাশ লুটের ঘটনার প্রতিবাদে আগামীকাল সোমবার ব্যবসায়ীরা ধর্মঘটের ডাক দিয়েছেন। সকাল ৬টা থেকে বিকাল ২টা পর্যন্ত এ ধর্মঘট চলবে। শনিবার উপজেলা সদরের পুরানবাজারস্থ বণিক সমিতির কার্যালয়ে এক প্রতিবাদ সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। সমিতির সভাপতি মো. আরশ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক মো. ফরমান খান, কোষাধ্যক্ষ আবু বক্কর সিদ্দিকী, কমিশনার অসিত রঞ্জন দেব, দিলবর মিয়া, গেদা মিয়া, ব্যবসায়ী রফিকুল ইসলাম লালু প্রমুখ। সভায় বক্তারা অবিলম্বে ব্যবসা প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। গত শুক্রবার বিশ টাকার ফ্লেক্সিলোড দেরিতে দেয়ার জের ধরে সুস্মিতা বই ঘর ও ফোন সার্ভিসে ছাত্রলীগ ক্যাডাররা হামলা চালায়। এ সময় হামলাকারীরা ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশ লুট করে ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে দোকান মালিক সমরেন্দ্র বৈদ্য সমর (সমর বাবু) জানান। হামলায় দোকানের দুই কর্মচারী গুরুতর আহত হন। হামলাকারীরা ছাত্রলীগ কর্মী বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তবে ছাত্রলীগ দাবি করেছে, এ ঘটনায় ছাত্রলীগ জড়িত নয়।