প্রতি বছরের মতো এবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিচ্ছিলেন তখন জাতিসংঘ সদর দপ্তরের বাইরে যুক্তরাষ্ট্র বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ করেছে। এছাড়া তাদের খুব কাছেই শান্তি সমাবেশ করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে যুক্তরাষ্ট্র বিএনপির নেতা-কর্মীরা গত বৃহস্পতিবার নিউইয়র্কে স্থানীয় সময় দুপুর ৩টা থেকে জাতিসংঘ সদর দপ্তরের সামনে ৪৭ স্ট্রিটে একত্র হন। এ সময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন ও কালো পতাকা প্রদর্শন করেন। বিএনপির এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন আব্দুল লতিফ সম্রাট, ডা. মুজিবর রহমান মজুমদার, গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লুর, আকতার হোসেন বাদল, যুবদল নেতা আবু সাঈদ আহমেদ, যুক্তরাষ্ট্র ছাত্রদল সভাপতি আতাউর রহমান আতা প্রমুখ। একই স্থানে পৃথক ব্যানারে অভিন্ন কর্মসূচি পালন করেন শরাফত হোসেন বাবু ও বেলাল মাহমুদের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র বিএনপি ও দলের সহযোগী ৩৪ সংগঠন। এই অংশের নেতৃত্বে ছিলেন—জসিম উদ্দিন ভুঁইয়া, গোলাম ফারুক শহীন, অলিউল্লাহ আতিকুর রহমান, আব্দুল খালেক আকন্দ, সাঈদুর রহমান সাঈদ, সেলিম রেজা প্রমুখ।
এদিকে যুক্তরাষ্ট্র বিএনপির এই বিক্ষোভের স্থানে একই সাথে যুদ্ধাপরাধীদের মুক্তির দাবি জানিয়েছে নামে-বেনামে বিভিন্ন সংগঠন। তারা সাঈদী, নিজামী, মুজাহিদসহ বেশ কয়েকজন যুদ্ধাপরাধীর ছবি সম্বলিত প্ল্যাকার্ড তুলে ধরে। এছাড়া যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শান্তি সমাবেশে উপস্থিত ছিলেন— সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান ও আব্দুল হাছিব মামুন, মানবাধিকার সম্পাদক চন্দন দত্ত, যুক্তরাষ্ট্র ছাত্রলীগ সভাপতি জেড এ. জয় প্রমুখ। এ সময় তারা বেশ কয়েকবার সংক্ষিপ্ত র্যালি বের করে।
