অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ

সকল বাধা অপসারণ দাবিতে সারাদেশে গণঅনশন

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৩, ২২:১৮
অর্পিত সম্পত্তি প্রত্যর্পণে প্রধানমন্ত্রীর আন্তরিক সদিচ্ছা বাস্তবায়নের পথে সব ধরনের বাধা অপসারণ এবং প্রস্তাবিত দেবোত্তর সম্পত্তি ব্যবস্থাপনা আইন ২০১৩ সম্পর্কিত বিল প্রত্যাহার দাবিতে সারাদেশে গণঅনশন পালন করেছে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্যপরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। গতকাল শনিবার সকালে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গণঅনশন কর্মসূচি পালনের সময় বক্তব্য রাখেন উভয় সংগঠনের নেতারা। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অজয় রায়, অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, এডভোকেট রানা দাশগুপ্ত, এডভোকেট সুব্রত চৌধুরী, কাজল দেবনাথ, বাসুদেব ধর, হীরালাল বালা, এডভোকেট পরিমল গুহ, প্রভু চারু চন্দ্র ব্রহ্মচারী, এডভোকেট সুনীল রঞ্জন বিশ্বাস, জয়ন্তী রায়, এডভোকেট কিশোর রঞ্জন মন্ডল। কয়েকজন বিশিষ্ট নাগরিক এই গণঅনশনের সঙ্গে সংহতি প্রকাশ করেন। তারা হলেন, এএরআরডি রফিক আহমেদ সিরাজী, এ একে এম বুলবুল আহমেদ এবং ব্লাস্ট-এর নেতারা। গণঅনশন কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতারা তাদের বক্তব্যে বলেন, গত দুই বছর আগে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু ২০০১ সালের আইনে ‘খ’ তফসিলভুক্ত করে একের পর এক সংশোধনী এনে নিরীহ মানুষকে অহেতুক হয়রানির মুখে ঠেলে দেয়া হয়েছে। নেতারা বলেন, দেশের দেবোত্তর সম্পত্তি সমূহ পুনরুদ্ধার, সংস্কার ও সংরক্ষণ বিষয়ে আইন প্রণয়নের দীর্ঘকালের দাবি বিবেচনায় ‘দেবোত্তর সম্পত্তি ব্যবস্থাপনা আইন-২০১৩’ মন্ত্রীসভায় অনুমোদন হলেও এ আইনটির আরও যাচাইয়ের প্রয়োজন রয়েছে। তাছাড়া সরকারের একেবারে শেষ সময়ে বিলটি সংসদে উত্থাপন ঠিক হবে না বলেও মনে করেন নেতারা। সংগঠনের পক্ষে আগামী ১৯ অক্টোবর ঢাকাসহ সারাদেশে একই দাবিতে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম অফিস জানায়, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের ‘খ’ তফসিল এবং প্রস্তাবিত দেবোত্তর সম্পত্তি ব্যবস্থাপনা আইন বাতিলের দাবিতে চট্টগ্রামে গতকাল গণঅনশন পালন করা হয়েছে। নগরীর আন্দরকিল্লা গোল চত্বরে অনুষ্ঠিত গণঅনশনে হিন্দু সম্প্রদায়ের বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্যপরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যৌথভাবে এই অনশনের আয়োজন করেন। সকাল ১০টায় গণঅনশন শুরু হয়। এতে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পেশার নারী-পুরুষ ছাড়াও অন্যান্য সম্প্রদায়ের লোকেরাও সংহতি প্রকাশ করেন। কুমিল্লা প্রতিনিধি জানান, গতকাল হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্যপরিষদ কুমিল্লা জেলা শাখার উদ্যোগে মহানগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে আয়োজিত গণঅনশনে ‘খ’ তফসিল সম্পূর্ণরূপে বাতিলসহ প্রস্তাবিত দেবোত্তর সম্পত্তি ব্যবস্থাপনা বিল-২০১৩ প্রত্যাহার করার দাবি জানানো হয়। স্টাফ রিপোর্টার, দিনাজপুর জানান, সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দিনাজপুর প্রেসক্লাবের সামনে হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্যপরিষদের ডাকে অনশন কর্মসূচি চলাকালীন সমাবেশে বক্তব্য দেন দিনাজপুর ১ আসনের এমপি মনোরঞ্জন শীল গোপাল, ঐক্যপরিষদের জেলা সভাপতি ভোলানাথ ব্যানার্জী প্রমুখ।