জনগণ ভোট না দিলে পরাজয় মেনে নেবো :নাসিম

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৩, ২২:২২
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জনগণ ভোট না দিলে আওয়ামী লীগ হার মেনে নিবে—শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবে। সংবিধান সম্মতভাবে আগামীতে নির্বাচন হবে। এ নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। তবে কেউ নির্বাচনে না এলে আওয়ামী লীগ একাই নির্বাচনের পথে হাঁটবে। রাজধানীর মহানগর নাট্যমঞ্চে গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৭তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি-জামায়াত আর হেফাজত অযৌক্তিক দাবিতে নির্বাচন প্রতিরোধে রাজপথে ৫ হাজার লোক জমায়েত করলে আওয়ামী লীগ ৫০ হাজার নেতা-কর্মী নিয়ে তাদের প্রতিরোধ করবে। আওয়ামী লীগ আন্দোলন-সংগ্রামকে ভয় পায় না। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আওয়ামী লীগের জন্ম হয়েছে। বিএনপির উদ্দেশে তিনি বলেন, স্পিকার ডেকেছে। এটাই শেষ সুযোগ। অন্তর্বর্তী সরকার কীভাবে চান সংসদে এসে আলোচনা করুন। এবার নির্বাচনের ট্রেন এসেছে। অনুরোধ করবো, এই ট্রেন মিস করবেন না। করলে অস্তিত্ব বিলীন হয়ে যাবে। সভায় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন—যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাঈল হোসেন চৌধুরী সম্রাট, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মঈনুদ্দিন খান নিখিল প্রমুখ।