যুদ্ধবিধ্বস্ত ইরাকের একটি কারাগারে কয়েক মাস ধরে আটক আছেন ৭৯ জন বাংলাদেশি নাগরিক। শুক্রবার স্থানীয় অনলাইন সংবাদ মাধ্যম রুদাও এর এক প্রতিবেদনে এ খবর জানা যায়। এতে বলা হয়, ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের একটি বন্দি শিবিরে বিনা বিচারে আটক আছে ঐ বাংলাদেশিরা। অবৈধভাবে ইরাকে প্রবেশ করে কাজের সন্ধানে গিয়েছিলেন তারা। কুর্দিস্তান প্রদেশের রাজধানী সুলাইমানির বন্দিশিবিরের প্রধান হিয়া শেখ আলী সংবাদ মাধ্যমকে বলেন, আটক বাংলাদেশিদের ব্যাপারে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।আদালতের আদেশের পর তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে। আটক ৭৯ বাংলাদেশি ভাল আছেন, তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
সুলাইমানি শহরের পুলিশ জানায়, এ পর্যন্ত মোট ১৮০ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। তাদের অনেককেই নিজ দেশে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে। কেউ বিভিন্ন কোম্পানিতে কাজ নিয়ে ইরাকে থাকার সুযোগ পেয়েছেন। অনলাইন সংবাদ মাধ্যমটিতে আটক বাংলাদেশিদের মধ্যে আমজাদ আলী, মুহাম্মদ আতিক ও শামসু মিয়ার বক্তব্য প্রকাশ করা হয়। তারা জানান, শ্রমিক সংকটের কারণে অনেকে কাজের জন্য ইরাকে যাচ্ছেন। কুর্দিস্তানে মূলত পরিচ্ছন্নতা কর্মী ও নির্মাণ শ্রমিকের চাহিদা আছে।
আমজাদ আলী জানান যে, প্রায় আট মাস ধরে তিনি আটক আছেন। প্রতিদিন তারা আদালতে পাঠানোর কথা বললেও পাঠাচ্ছে না।
