তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এক দফা দাবির আন্দোলন বেগবান করতে আজ রবিবার খুলনা আসছেন ১৮ দলীয় ঐক্য জোট নেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তার আগমনকে কেন্দ্র করে বর্ণাঢ্য সাজে সেজেছে খুলনা মহানগরী।
দলীয় সূত্র জানায়, দেশের সামগ্রিক চিত্র তুলে ধরে অবাধ, নিরপেক্ষ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জনগণকে আগামী আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকার আহবান জানাবেন বিরোধী দলীয় নেত্রী। বিকাল সাড়ে ৪টায় তিনি খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে ১৮ দলীয় জোট আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করবেন।
খালেদা জিয়া যশোর পথে পথে মনোনয়ন প্রত্যাশীদের শোডাউন
আনোয়ার আলদীন/আহমদ সাঈদ বুলবুল, যশোর থেকে
নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনের চূড়ান্ত প্রস্তুতি হিসাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চল সফর শুরু করেছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খুলনার উদ্দেশে গতরাতে তিনি যশোর পৌঁছেছেন। বিকাল চারটা ৪০ মিনিটে তার গুলশানের বাসভবন থেকে বিশাল গাড়িবহর নিয়ে যশোরের উদ্দেশে যাত্রা করে আরিচা-দৌলতদিয়া-মাগুরা হয়ে গভীর রাতে যশোর সার্কিট হাউজে পৌঁছেন। ঢাকা থেকে এ দীর্ঘপথে ছিল আগামী নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের শোডাউন আর বিপুল অভ্যর্থনা।
