পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত রাজ্যসভার এমপি কুণাল ঘোষকে সাসপেন্ড করলেন দলীয় শীর্ষনেত্রী মমতা ব্যানার্জি। দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলায় তাকে এই সাজা দেয়া হলো। একই ‘অপরাধ’ করে ক্ষমা চেয়ে আপাতত রেহাই পেয়েছেন তৃণমূল এমপি তাপস পাল ও শতাব্দি রায়। গতকাল শনিবার দুপুরে তৃণমূল কংগ্রেস সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেয়। দলের মহাসচিব পার্থ চ্যাটার্জি এই ব্যবস্থা গ্রহণের কথা বলেন।
পার্থ চ্যাটার্জি বলেন, দলবিরোধী কাজ করায় কুণাল ঘোষকে সাসপেন্ড করা হল। কুণালের মন্তব্যে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। পার্থ চ্যাটার্জি জানান, তাপস পাল ও শতাব্দী রায় মমতা ব্যানার্জির কাছে চিঠি লিখে ভুল হয়েছে বলে স্বীকার করেছেন। কুণাল চুপ করে থাকায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া ছাড়া উপায় ছিল না। তবে কুণাল ঘোষ ক্ষোভ প্রকাশ করে বলেছেন, তিনি মমতার কাছ থেকে কোনো শোকজ লেটার পাননি।
উল্লেখ্য, কয়েকদিন আগেই দলের তিন এমপিকে পাশে বসিয়ে কুণাল প্রকাশ্যে দলের শীর্ষ নেতৃত্বের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, তৈল মর্দন না করলে শীর্ষ নেতাদের কাছে কদর পাওয়া যায় না। আরো অনেক অভিযোগ তোলেন তা মমতার জন্য বিব্রতকর ছিল। দল তাকে শোকজের চিঠি পাঠায়। তবু তিনি বিরত হননি। দলের কাছে ক্রমশ অস্বস্তির নাম হয়ে ওঠেন তিনি। ঘুরেফিরে মমতার সমালোচনা করতে থাকেন। ফলে কঠোর অবস্থান নিতে বাধ্য হন মমতা।
