কলাবাগান ক্রীড়া চক্র আর খেলাঘর; বিকেএসপির তিন নম্বর মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটিকে ঘিরে আগ্রহের মাত্রাটা খুব বেশি থাকার কথাও না। তবে, একদিক থেকে দিনের বাকি খেলাগুলোকে ছাড়িয়ে যাচ্ছে এই ম্যাচটি। বুড়ো আঙ্গুলের ইনজুরি কাটিয়ে এই ম্যাচ দিয়ে আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে আসছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
ক্যারিবীয় প্রিমিয়ার লিগ (সিপিএল) থেকে দেশে ফেরার পরই জানা গিয়েছিল বুড়ো আঙ্গুলে চিড় ধরায় চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে সাকিবকে। কিন্তু, সেই সময়ের কিছুটা আগেই ফিরে আসছেন সাকিব। প্রিমিয়ার লিগে সাকিবের এই ফিরে আসাটা অবশ্য খুব বেশি দীর্ঘস্থায়ী হচ্ছে না। আগামীকাল থেকেই আসন্ন নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের ক্যাম্প। ফলে প্রাথমিক দলে ডাক পাওয়া কোন খেলোয়াড়ই আর ষষ্ঠ রাউন্ড থেকে লিগে খেলার সুযোগ পাবেন না।
সাকিবের ফিরে আসাকে বাদ দিয়েও কলাবাগান ম্যাচটির অন্য তাত্পর্য আছে। দল বদলে তারকা সমৃদ্ধ দল গড়া কলাবাগান কিছুতেই পরাজয়ের বৃত্ত থেকে বের হতে পারছে না। আজ তুলনামূলক ছোট দল খেলাঘরের বিপক্ষে তারা মরিয়া হয়ে চেষ্টা করবে সেই জয়ের ধারায় ফেরার।
দিনের মূল আকর্ষণ হলো মিরপুরের ‘হোম অব ক্রিকেট’-এ আবাহনী ক্রীড়াচক্র ও লেফটেন্যান্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মধ্যকার ম্যাচটি। আবাহনীকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ঐতিহ্যবাহী দলটি সব সময় শিরোপার অন্যতম দাবিদারের তকমা নিয়েই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলতে নেমেছে। তাই মৌসুমের অন্যতম সেরা দল গড়া শেখ জামালের সাথে আবাহনীর লড়াই কাগজে-কলমে মৌসুমের অন্যতম বড় ম্যাচ।
কিন্তু, সব ওলট পালট করে দিয়েছে প্রথম চার রাউন্ডের ফলাফল। তিন পরাজয় নিয়ে আবাহনীর সামনে সুপার সিক্সের আগেই বাদ পড়ার শঙ্কা। অন্যদিকে প্রত্যাশার চাপটা শেখ জামালও ঠিক হজম করতে পারছে না। চার ম্যাচের তিনটিতে জিতলেও বাজে ভাবে হেরেছে ‘মৌসুমের চমক’ প্রাইম দোলেশ্বরের কাছে। এতো কিছুর পরও নাম দুটি যখন শেখ জামাল আর আবাহনী তখন ম্যাচটিকে মর্যাদার লড়াই মানতেই হবে।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন ও কলাবাগান ক্রিকেট একাডেমী। চার ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের পয়েন্ট ছয়। অন্যদিকে পয়েন্ট তালিকায় নিচের দিকে থাকা কলাবাগান ক্রিকেট একাডেমীর পয়েন্ট মাত্র দুই।
এক নজরে
শেখ জামাল - আবাহনী (মিরপুর)
কলাবাগান ক্রীড়া চক্র - খেলাঘর (বিকেএসপি-৩ )
ব্রাদার্স ইউনিয়ন - কলাবাগান ক্রিকেট একাডেমী (ফতুল্লা)
