ব্যাপক উত্সাহ-উদ্দীপনার মধ্যদিয়ে শেষ হওয়া সিজেকেএস-ইমপালস অনূর্ধ্ব-১৬ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে বালক ও বালিকা এককে সেরার পুরস্কার পেয়েছে চিটাগাং পুলিশ ইনস্টিটিউশনের সিবগাত উল্লাহ ও ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আইমান তাহরিন। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও ইমপালস প্রপার্টিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় চট্টগ্রাম এম.এ আজিজ স্টেডিয়ামস্থ জিমন্যাশিয়াম হলে গত শনিবার রাতে বালক ও বালিকা একক ও দ্বৈতে চ্যাম্পিয়ন-রানার্স আপ এবং ৩য়-৪র্থ স্থান নির্ধারণীসহ মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়।
চিটাগাং পুলিশ ইনস্টিটিউশন ও এলিমেন্টারী স্কুলের সিবগাত-তামজিদ জুটি বালক দ্বৈতে চ্যাম্পিয়ন ও বিদ্যুত্ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের গোলাম হোসেন-মোরশেদ জুটি রানার্স আপ হয়। ডা. খাস্তগীর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের আফসানা-জিহান জুটি বালিকা দ্বৈতে চ্যাম্পিয়ন ও নূরুল ইসলাম পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের আঁখি-লাকী জুটি রানার্স আপ হয়।
উল্লেখ্য, মুসলিম এডুকেশন সোসাইটি উচ্চ বিদ্যালয়, ডা: খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়, দারুল হিকমা ক্যাডেট মাদরাসা, বাংলাদেশ এলিমেন্টারী স্কুল, সীতাকুন্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়, সারাদিনের স্কুল এন্ড কলেজ, দিলোয়ারা জাহান মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ, সানোয়ারা ইসলাম বালক উচ্চ বিদ্যালয়, সানোয়ারা উচ্চ বিদ্যালয়, নূরুল ইসলাম পৌর বালিকা উচ্চ বিদ্যালয়, বিদ্যুত্ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়, চিটাগাং পুলিশ ইনস্টিটিউশন, আলহাজ্ব এয়াকুব আলী উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ এবং লিটল জুয়েল্স স্কুলসহ মোট ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭০ জন খেলোয়াড় অংশগ্রহণ করে।
