আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রূপকার রফিকুল ইসলাম ফের ক্যান্সারে আক্রান্ত

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৫
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রূপকার রফিকুল ইসলাম ব্লাড ক্যান্সারে (লিউকোমিয়ায়) ফের আক্রান্ত হয়েছেন। তাঁর ডাক্তার আবু মুরাদ জানিয়েছেন,তিনি এখন আর সম্পূর্ণ আশঙ্কামুক্ত নন। গত বছর সেপ্টেম্বরে চিকিত্সকরা অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর দেহে বোনম্যারো প্রতিস্থাপন করলে তাঁর রক্তে কোষ উত্পাদন প্রক্রিয়া শুরু হয়। তখন চিকিত্সকরা জানিয়েছিলেন, তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। সমপ্রতি রফিকুল ইসলাম ইত্তেফাককে জানান, এখন তাঁর শরীরে ক্যান্সার মারাত্মক আকার ধারণ করে নিয়ন্ত্রণহীনভাবে ছড়িয়ে পড়েছে বলে তাঁর চিকিত্সক সতর্ক করেছেন। ফলে ১ অক্টোবর বাংলাদেশে ফেরার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। আজ সোমবার থেকে আবারো শুরু হচ্ছে কেমোথেরাপি। পাশাপাশি আয়ূর্বেদী চিকিত্সারও প্রস্তুতি চলছে। গত বছর ২৩ মার্চ রফিকুল ইসলামকে কানাডার ভ্যাঙ্কুভার জেনারেল হাসপাতালে (ভিজিএইচ) ভর্তি করার পর তাঁর ক্যান্সার ধরা পড়ে। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর রফিকুল ইসলাম এবং আবদুস সালামের উদ্যোগে ইউনেস্কোর প্যারিস অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করা হয়।