সড়ক দুর্ঘটনায় বগুড়া-১ আসনের এমপি আবদুল মান্নানের স্ত্রী আহত

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:০৫
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলায় গতকাল রবিবার প্রাইভেটকার ও ট্রাকের সংঘর্ষে সংসদ সদস্য আব্দুল মান্নানের স্ত্রী সাহাদারা মান্নান শিল্পী গুরুতর আহত হয়েছেন। এসময় তাদের গাড়ির চালক মাহফুজও আহত হন। আব্দুল মান্নান বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সরকার দলীয় সংসদ সদস্য। তার স্ত্রী শিল্পী সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তাদের ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংসদ সদস্য প্রাথমিক চিকিত্সা নিলেও তিনি গুরুতর কোন আঘাত পাননি। তিনি সুস্থ রয়েছেন। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মো. হারেচ আলী মিয়া জানান, আব্দুল মান্নান ও তার স্ত্রী ভোরে প্রাইভেটকার যোগে বগুড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন। সকাল সাড়ে ৬টার দিকে প্রাইভেটকারটি ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী নামকস্থানে পৌঁছলে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় এমপির সহধর্মিণী ও চালক গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে থেকে এমপি পত্নীর অবস্থা অবনতি হওয়ায় তাকে ঢাকা স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।