অক্টোবরেই মজুরি ঘোষণার দাবি

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:১১
অবিলম্বে তাজরীন এবং রানা প্লাজায় নিহত-আহত সকল শ্রমিককে ক্ষতিপূরণ দান, শ্রমিক স্বার্থ বিরোধী সংশোধিত শ্রম আইন ২০১৩ বাতিল এবং শ্রমিক স্বার্থে অক্টোবরেই মজুরি ঘোষণার দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ। গতকাল তোপখানাস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এই দাবি জানানো হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় শ্রমিকলীগের সভাপতি শুকুর মাহমুদ। তিনি বলেন, গার্মেন্টস কারখানায় একের পর এক দুর্ঘটনা ও ব্যাপক সংখ্যক শ্রমিকের প্রাণহানি এবং শ্রমিকদের প্রতি মালিকদের বেতন ও অন্যান্য সুবিধা প্রদানে অনীহাজনিত কারণে বাড়ছে শ্রমিক অসন্তোষ। এই অবস্থা পরিবর্তনে শ্রমিক ও শিল্প বাঁচাতে কার্যকর ট্রেড ইউনিয়ন প্রয়োজন বলে মনে করেন তারা। চলতি বাজারের সাথে সংগতি রেখে পোশাক শ্রমিকদের মজুরি ৮ হাজার টাকা নির্ধারণের দাবি করেন।