তৌফিকের ‘শিল্প জীবন ও জীবনযাত্রা’

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩১
শিল্পী তৌফিকুর রহমান গ্যালারিকেন্দি ক শিল্পচর্চার বিরোধী। সেজন্য তার একক প্রদর্শনী খুব কম হয়েছে। তার বিশ্বাস ছবিকে সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে হলে এই গ্যালারিকেন্দি ক প্রদর্শনীর বাইরে যেতে হবে। শুক্রবার থেকে ধানমন্ডির গ্যালারি ‘শিল্পাঙ্গনে’ শুরু হওয়া প্রদর্শনীর শিরোনামও তার এই বিশ্বাসের পথ ধরেই যেন এসেছে। প্রদর্শনীর শিরোনাম ‘শিল্প, জীবন এবং জীবনযাত্রা’। এ প্রদর্শনীতে ভাস্কর্য, ড্রইং ও স্ক্রিন প্রিন্টে করা শিল্পকর্ম স্থান পেয়েছে। শিল্পী তার কাজের মধ্য দিয়ে জীবনের কদর্য দিকগুলোকে নির্দেশ করতে চেয়েছেন। মানুষের সামনে তুলে ধরতে চেয়েছেন সমাজের বৈপরীত্য। স্বার্থপর লোভী মানুষের দ্বিমুখী চরিত্র। তিনি একটি সুন্দর সমাজ ও জীবনব্যবস্থার দিকে মানুষকে আগ্রহী করে তুলতে চেয়েছেন। শিল্পী তৌফিকুর রহমান মানুষের সমতায় বিশ্বাসী। আশির দশকে শিল্পী বন্ধুরা মিলে গড়ে তুলেছিলেন ‘সময়’ নামে একটি সংগঠন। সেই সময় বিমূর্ত ধারার শিল্পচর্চার বিপরীতে তারা শিল্পকে সাধারণ মানুষের বোধের নাগালে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিরেন তাদের কাজের মাধ্যমে। পরবর্তী সময়ে লেখাপড়া শেষ করে তিনি ‘ইন্সটলেশন আর্ট’ শুরু করেন। বেগুনবাড়ীতে, কাওরান বাজারে ব্যস্ততম এলাকায় তিনি ‘ইন্সটলেশন আর্টের’ কাজ করেন। এরপর তিনি ভাস্কর্য নির্মাণের দিকে ঝুঁকে পড়েন। প্রদশনীতে তার ২০টি ভাস্কর্য স্থান পেয়েছে। ‘আর্ক ইলেক্ট্রিক’ মাধ্যমে করা। রয়েছে ৩০টি ড্রইং। বলপয়েন্ট পেন দিয়ে করা এসব ড্রইং-এ ভাস্কর্যের আদল স্পষ্ট। শিল্পী তৌফিকুর রহমানের চতুর্থ একক প্রদর্শনীর উদ্বোধন করেন সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান। সম্মানিত অতিথি ছিলেন স্থপতি কবি রবিউল হুসাইন। সভাপতিত্ব করেন ভাস্কর হামিদুজ্জামান খান। প্রদর্শনী চলবে ১২ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে গ্যালারি। শ্রাবণ প্রকাশনীর নদীবিষয়ক বইমেলা ‘নদী দখলের বিরুদ্ধে দক্ষিণ হিমালয় অঞ্চল’ এই শ্লোগানকে সামনে রেখে ডাকাতিয়া সুরক্ষা আন্দোলন, রিভারাইন পিপল, শ্রাবণ প্রকাশনী কর্তৃক যৌথভাবে আয়োজিত দুইদিনব্যাপী নদীবিষয়ক বইমলা শুরু হয়েছে। গতকাল রবিবার শাহবাগের আজিজ সুপার মার্কেটে শ্রাবণ প্রকাশনীতে এই মেলা উদ্বোধন করেন লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ। সমকালের ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্র নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড, ‘রিভারাইন পিপলে’র সেক্রেটারি জেনারেল শেখ রোকন, ‘নোঙরের’ চেয়ারম্যান সুমন শামস, ডাকাতিয়া সুরক্ষা আন্দোলনের সদস্যসচিব এবিএম জিল্লুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন শ্রাবণ প্রকাশনীর প্রকাশক রবীন আহসান। মেলায় নদীবিষয়ক বই ও পত্রিকা প্রদর্শনীর আয়োজন রয়েছে। বেঙ্গল আর্ট লাউঞ্জে ওলন্দাজ শিল্পীর চিত্র প্রদর্শনী গুলশানে বেঙ্গল ফাউন্ডেশনের নতুন সাংস্কৃতিক কেন্দ্র এবং আর্ট গ্যালারি বেঙ্গল আর্ট লাউঞ্জে শুরু হয়েছে নেদারল্যান্ডের শিল্পী ক্যারেল রিখটারের নাচের আমন্ত্রণ শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী। গতকাল রবিবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন নেদারল্যান্ডের রাষ্ট্রদূত গের্বেন শিয়োর্দ দ্য জং। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জিম ম্যাককেব। ক্যারেল তার চিত্রকর্মে সামাজিক বক্তব্য তুলে ধরতে চেয়েছেন। তার শিল্পকর্মে উদ্বেগ, একাকিত্ব ও মৃত্যুচিন্তা প্রবল হয়ে দেখা দেয়। তার এ প্রদর্শনী এশিয়াতে প্রথম। প্রদর্শনীতে ৩০ টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনী ৯ অক্টোবর পর্যন্ত চলবে। আর প্রতিদিন দুপুর ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে।