মিটফোর্ডে ওষুধ ব্যবসায়ীদের ধর্মঘট, সমিতির নীরব ভূমিকা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩২
পুরনো ঢাকার মিটফোর্ড ও বাবু বাজার এলাকায় বৃহত্তম ওষুধের মার্কেটে শনিবার মোবাইল কোর্টের অভিযানের প্রতিবাদে গতকাল রবিবার ধর্মঘট পালন করেছেন ব্যবসায়ীরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসায়ীরা ওষুধের দোকান বন্ধ রাখেন। তবে ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতৃবৃন্দ বলেন, ঐ ধর্মঘট সমিতির আহ্বানে হয়নি। ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে করেছেন। ব্যবসায়ীরা জানান, গত শনিবার মোবাইল কোর্ট ১০৩ জন ব্যবসায়ীর বিরুদ্ধে ৭৭ মামলা, ২০ জনের কারাদণ্ড ও জরিমানা করার প্রতিবাদে এ ধর্মঘট পালন করছেন তারা। সমিতির নেতৃবৃন্দ জানান, সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। যারা নকল, ভেজাল, মেয়াদ উত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রি করবে তাদের সনাক্ত করে আইন-শৃঙ্খলা বাহিনী কিংবা মোবাইল কোর্ট ব্যবস্থা নিলে সমিতির পক্ষ থেকে সহযোগিতা করা হবে। তবে কতিপয় দুষ্ট ব্যবসায়ীর জন্য পুরো ওষুধ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলে তখন তারা প্রতিবাদ করবেন। সমিতির দুই নেতা দাবি করেন কারা নকল, ভেজাল, মেয়াদ উত্তীর্ণ, চোরাই ও নিষিদ্ধ ওষুধ বিক্রি করে সমিতির পক্ষ থেকে তাদের নাম ঠিকানা ওষুধ প্রশাসন অধিদফতরের কর্মকর্তাদের কাছে জানিয়ে দেয়া হয। তখন এক শ্রেণির কর্মকর্তা অভিযানের নামে মোটা অংকের উেকাচ নিয়ে চলে যান। এ কারণে নকল, ভেজাল, মেয়াদ উত্তীর্ণ, চোরাই ও নিষিদ্ধ ওষুধে বাজার সয়লাব।