জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মো. আনোয়ার হোসেনের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। গত শনিবার থেকে শুরু হওয়া এ কর্মবিরতি চলবে আজ সোমবার পর্যন্ত। এ সময়ের মধ্যে ভিসি পদত্যাগ না করলে মঙ্গলবার থেকে সর্বাত্মক ধর্মঘটসহ কঠোর কর্মসূচি দেয়া হবে বলে ঘোষণা দিয়েছে আন্দোলনরত সাধারণ শিক্ষক ফোরাম। এদিকে গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের অনুষদগুলোতে দেখা যায়, অধিকাংশ বিভাগে কোনো ক্লাস-পরীক্ষা হচ্ছে না। তবে কয়েকটি বিভাগে আন্দোলনবিরোধী শিক্ষকরা ক্লাস নিয়েছেন। শিক্ষকদের কর্মবিরতির কারণে ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতিও কম ছিল। সাধারণ শিক্ষক ফোরামের আহবায়ক অধ্যাপক হানিফ আলী জানান, বিশ্ববিদ্যালয়কে রক্ষার তাগিদেই আমরা এই আন্দোলন চালিয়ে যাব।
