সম্প্রীতি অটুট রাখতে সচেতন মানুষ এগিয়ে আসুন :সুলতানা কামাল

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩৪
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেন, ২৯ সেপ্টেম্বরের কালো রাতের মত রামুর সহিংস ঘটনা আর চাই না। সকল সমপ্রদায়ের মাঝে আস্থার সংকট দূর করতে উক্ত ঘটনার সুষ্ঠু বিচার প্রয়োজন। তিনি আরো বলেন, সামপ্রদায়িক সমপ্রীতির বন্ধন অটুট রাখতে সচেতন মানুষদের এগিয়ে আসতে হবে। তিনি গতকাল রবিবার কক্সবাজারের রামুতে ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর সামপ্রদায়িক সহিংসতার বিভীষিকাময় কালো রাত স্মরণে আয়োজিত সভায় একথা বলেন। স্মরণ সভায় সভাপতিত্ব করেন রামু কেন্দ্রীয় বৌদ্ধ যুব পরিষদের আহ্বায়ক রজত বড়ুয়া রিকু। এতে আরো বক্তব্য রাখেন প্রফেসর আনু মোহাম্মদ, নারী নেত্রী খুশি কবির, শিক্ষক কলিমুল্লাহ খান, অধ্যাপক ড. সলিমুল্লাহ খান, উন্নয়ন গবেষক মেঘনা গুহ ঠাকুরতা, মানবাধিকার কর্মী শিপ্রা বোস, সংগীত শিল্পী অরুপ রাহি, প্রফেসর মোশতাক আহমেদ, মানবদরদী ফাদার লুপি। স্মরণ সভার আগে একটি শান্তি শোভাযাত্রা রামুর প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। এদিকে সকালে রামু শ্রীকুল মৈত্রী বিহার প্রাঙ্গণে আয়োজিত মহা সংঘদান সভায় সভাপতিত্ব করেন রামু সীমা বিহারের অধ্যক্ষ পণ্ডিত সত্যপ্রিয় মহাথের। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি সংঘরাজ ধর্মসেন মহাথের। অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থানের কয়েকশ বৌদ্ধ ভিক্ষু, শ্রামন, হাজার হাজার বৌদ্ধ ধর্মাবলম্বী ও দেশি-বিদেশি পর্যটক উপস্থিত ছিলেন। এদিকে কক্সবাজারের রামু সহিংসতার ১ বছর পূর্তি স্মরণে রামু প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক খালেদ হোসেন টাপু’র সম্পাদনায় ও প্রকাশনায় রামু সীমা বিহার প্রাঙ্গণে ‘জনতার কথা’ বুলেটিনের মোড়ক উন্মোচন করা হয়।