দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারে নেমে একেবারে লোকসভা নির্বাচনের মহড়া সেরে ফেললেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী গুজরাট মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল দিল্লিতে তার বহুল আলোচিত ‘মেগার্যালি’তে তিনি গান্ধী পরিবার থেকে মনমোহন সিং, কংগ্রেস থেকে দিল্লির সরকার সব কিছুর বিরুদ্ধেই কঠোর ভাষায় আক্রমণ করলেন। তিনি কংগ্রেসের জেনারেল সেক্রেটারি রাহুল গান্ধীকে ইঙ্গিত করে বলেন, এক ‘শাহজাদা’র খেয়াল খুশিমতো দেশ চলবে না।
তিনি অভিযোগ করে বলেন, সেই ‘শাহজাদা’ যখন যা-ই বলছেন তখন সেটাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। মোদী বলেন, আসন্ন লোকসভা নির্বাচন হবে ‘ড্রিম টিম’ বনাম ‘নোংরা টিম’ এর মধ্যে। পরিবারতন্ত্র বনাম গণতন্ত্রের মধ্যে। গান্ধী পরিবারকে ঘুরিয়ে ফিরিয়ে আক্রমণ করে বলেন, দিল্লিতে একাধিক সরকার রয়েছে -তাতে কেউ ‘মা’, কেউ ‘ছেলে’, কেউ ‘জামাই’।
নরেন্দ্র মোদী তার ভাষণে বার বার মনমোহন সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। গতকাল মোদী আরো বলেন, দিল্লিতে যদি কেউ সুখী হয়ে থাকেন, তিনি হলেন দিল্লির মুখ্যমন্ত্রী। কারণ, শুধু ফিতে কাটা ছাড়া তার আর কোনও কাজ নেই। কমনওয়েলথ গেমস দুর্নীতি দেশের ভাবমূর্তি খারাপ করেছে বলে তিনি অভিযোগ তোলেন। ভাষণে গুজরাট মুখ্যমন্ত্রী বিদ্রুপ করে বলেন, বর্তমান ইউপিএ সরকার গান্ধীতেই বেশি উত্সাহী। আসলে এরা তাতেই বেশি উত্সাহী যাতে গান্ধীর ছবি ছাপা আছে। তাছাড়া কয়েকজন সাংবাদিকের সামনে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ‘গ্রাম্য নারী’ বলে ‘কটুক্তি’ করায় পাকিস্তানি প্রধানমন্ত্রী নাওয়াজ শরিফের সমালোচনা করেন তিনি। মোদী বলেন, ‘‘১২০ কোটি মানুষের দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এমন কথা বলার ঔদ্ধ্যত কিভাবে দেখান নওয়াজ? দলের ভেতরই আমাদের প্রধানমন্ত্রী সম্মান পান না। দেশের বাইরে পাবেন কিভাবে।’’
মোদীর গতকালের মেগার্যালিতে বিপুল সংখ্যক কর্মী সমর্থক উপস্থিত হয়। বিশ্লেষকরা বলছেন, বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী হবার পর প্রথম মহড়ায় শতভাগ সফল হয়েছেন তিনি।
