চার জেলায় শিবিরের ঢিলেঢালা হরতাল

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩৫
বিক্ষিপ্ত সংঘর্ষ ও ভাংচুরের মধ্য দিয়ে রাজশাহীসহ আশেপাশের চার জেলায় গতকাল রবিবার ঢিলেঢালা হরতাল পালিত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার সাধারণ সম্পাদক সাইফুদ্দিন ইয়াহিয়াসহ সংগঠনের ৮ নেতাকর্মীর মুক্তির দাবিতে ছাত্রশিবির সকাল-সন্ধ্যার এই হরতাল আহ্বান করে। মতিহার থানার ওসি এসএম আবদুস সোবহান এর বরাত দিয়ে রাজশাহী অফিস জানায়, ভোর ৬টার দিকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) সংলগ্ন রাজশাহী-নাটোর সড়কে হরতাল সমর্থকরা পিকেটিংয়ের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় ছাত্রশিবির নেতাকর্মীরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে এবং বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় ২ শিবির কর্মী সামান্য আহত হন এবং পুলিশ অপর এক শিবির কর্মীকে আটক করে। সকাল থেকে জেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও পুলিশের অতিরিক্ত তত্পরতায় হরতাল সমর্থকরা দফায় দফায় চেষ্টা করেও নগরীর কোথাও পিকেটিং করতে পারেনি। তবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা হয়নি। নগরী থেকে আন্ত:জেলা ও দূরপাল্লার বাস না চললেও ট্রেন ও হালকা যানবাহন চলাচল প্রায় স্বাভাবিক ছিল। প্রসঙ্গত, গত ২৫ সেপ্টেম্বর গভীর রাতে রাজশাহীর মালোপাড়ার দুটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে র্যাব অস্ত্র, গুলি ও ককটেল এবং ইয়াহিয়াসহ ৮ শিবির নেতাকর্মীকে আটক করে। বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা জানান, হরতাল চলাকালে নাটোরের বড়াইগ্রামে মিছিল, পিকেটিং ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। উপজেলার আহম্মেদপুরে ২টি ট্রাক ভাংচুর করে হরতাল সমর্থকরা। সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড়ে মিছিল-সমাবেশ করে শিবির কর্মীরা।