‘রামপালে বিদ্যুত্ কেন্দ্র হবেই’

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রামপালে বিদ্যুত্ কেন্দ্র নির্মাণ হলে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না। সুন্দরবন রক্ষার নামে যারা আন্দোলন করছেন তারা না জেনেই করছেন। সুন্দরবন যে কত বড় সে সম্পর্কে আন্দোলনকারীদের কোনো ধারণাও নেই। তিনি প্রয়োজনে সুন্দরবনের ভেতর ঘুরে আসার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানান। স্থানীয় সময় শনিবার বিকালে নিউইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন প্রধানমন্ত্রী। সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে আরো বলেন, রামপালে বিদ্যুত্ কেন্দ্র স্থাপনের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে। ইতিমধ্যে এই প্রকল্পের নানান কাজ শুরু হয়েছে। তিনি বলেন, রামপাল তাপবিদ্যুত্ কেন্দ্র থেকে ১৩শ’ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন হবে। যা দেশের জন্য খুব দরকার। তিনি বলেন, শুধু রামপাল নয়, কক্সবাজারের মহেশখালী, বাঁশখালীসহ আরো কয়েকটি স্থানে এ ধরনের বিদ্যুত্ কেন্দ্র স্থাপন করা হবে। এসব বিদ্যুত্ কেন্দ্র নির্মাণের আগে পরিবেশের বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।