রামপাল বিদ্যুত্ প্রকল্প

বাস্তবায়নে স্থিতাবস্থা চেয়ে হাইকোর্টে রিট

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:৩৭
সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুত্ প্রকল্প বাস্তবায়নে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের চার আইনজীবী আসাদুজ্জামান সিদ্দিকী, মো. এখলাস উদ্দিন ভুঁইয়া, মাহবুবুল ইসলাম ও সৈয়দা শাহিন আরা লাইলী গতকাল রবিবার রিটটি দায়ের করেন। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদকে নিয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আজ সোমবার এ আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন আবেদনকারীগণের কৌঁসুলি এডভোকেট মনজিল মোরসেদ। মনজিল মোরসেদ বলেন, এর আগে রামপাল বিদ্যুত্ প্রকল্পের কার্যক্রম শুরুর পূর্বেই এটা নিয়ে কয়েকটি রিট হাইকোর্টে দায়ের করা হয়েছিলো। সেখানে বিদ্যুত্ কেন্দ্র স্থাপনে অনুমোদন না দিতেই ওই রিটগুলো দায়ের করা হয়। কিন্তু প্রকল্পের অনুমোদন ও কাজ শুরুর পর ওইসব রিট অকার্যকর হওয়ায় নতুন প্রেক্ষাপটে এই রিট দায়ের করা হয়েছে। রিট আবেদনে প্রকল্পের আশপাশের পরিবেশ ও বসবাসরত মানুষের জীবনে এর প্রভাব মূল্যায়নে দেশীয় ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশবিদ এবং জীব-বৈচিত্র্য বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠনে কেন সরকারের প্রতি নির্দেশনা দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির প্রার্থনা করা হয়েছে। এছাড়া কমিটির সুপারিশ অনুসারে পরিবেশবান্ধব যে কোন এলাকায় বিদ্যুত্ প্রকল্প বাস্তবায়নে কেন বিবাদীদের প্রতি নির্দেশনা দেয়া হবে না-সে ব্যাপারেও রুল চাওয়া হয়েছে। ওই বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বিদ্যুত্ প্রকল্প বাস্তবায়ন কার্যক্রমে স্থিতাবস্থা বজায় রাখতে বিবাদীদের প্রতি নির্দেশনা চেয়েছেন রিট আবেদনকারীরা। রিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, পরিকল্পনা সচিব, পরিবেশ সচিব, জ্বালানি ও বিদ্যুত্ সচিব, নৌ-পরিবহন সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, বাগেরহাটের জেলা প্রশাসক, রামপাল কয়লাভিত্তিক বিদ্যুত্ প্রকল্পের প্রকল্প পরিচালককে বিবাদী করা হয়েছে। আবেদনে বলা হয়, সুন্দরবন আমাদের গৌরব, যা বিশ্ব ঐতিহ্যেরও অংশ। এটা একবার ধ্বংস হয়ে গেলে আমরা আর ফিরে পাবো না। তাই এই সুন্দরবনের উপর ওই বিদ্যুত্ প্রকল্পের প্রভাব সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। সাধারণ দৃষ্টিতে আবেদনকারীগণের মনে হচ্ছে, সেখানে বিদ্যুত্ কেন্দ্র হলে তা পরিবেশের জন্য বিপর্যয় ডেকে আনবে।