‘কয়লাভিত্তিক বিদ্যুতে পরিবেশের ক্ষতি হবে না’ দাবি করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, এটা সম্পূর্ণ পরিবেশ দূষণ মুক্ত নয়, তবে বিভিন্ন ডিভাইস (যন্ত্রাংশ) ব্যবহার করে আমরা দূষণ কমিয়ে নিয়ে আসতে পারি। এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, রামপাল থেকে সুন্দরবনের দূরত্ব ১৪ কিলোমিটার। এই দূরত্ব যথেষ্ট। তারপরও বিষয়টি নিয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে আগামী মাসে একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
গতকাল রবিবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় অর্থমন্ত্রী সুন্দরবন রক্ষায় রামপাল কয়লা বিদ্যুত্ প্রকল্প বাতিলের দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটি যে আল্টিমেটাম দিয়েছে তাকে ভুল আখ্যায়িত করে বলেন, আই ডোন্ট কেয়ার। আলটিমেটামের হোল থিওরি ইজ রং।
অর্থমন্ত্রী বলেন, আমাদের কয়লানির্ভর বিদ্যুত্ উত্পাদন করতে হবে। কারণ কয়লাভিত্তিক বিদ্যুত্ কেন্দ্রে খরচ সব চাইতে কম।
তিনি বলেন, পরিবেশবাদিরা এখন নতুন প্রশ্ন তুলেছেন যে, উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন করলে ধুলা ছড়াবে, সুন্দরবনের উপর এর প্রভাব পড়বে ইত্যাদি।
