নারীর অগ্রযাত্রার পক্ষে দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি আজ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪৩
নারীর অগ্রযাত্রা সমুন্নত রাখতে আজ দেশব্যাপী পালিত হবে ‘মানববন্ধন কর্মসূচি’। দেশের সকল উপজেলা, জেলা সদর ও রাজধানীতে পালিত হবে এই কর্মসূচি। সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সর্বস্তরের নারী পুরুষ এতে অংশ নেবে । গতকাল রবিবার মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান। এই কর্মসূচি জাতীয় কন্যা শিশু দিবসের চেতনাকেও ধারণ করবে। এই দুটি উদ্দেশ্যে অনুষ্ঠিত হবে মানববন্ধন কর্মসূচি। প্রতিমন্ত্রী তার লিখিত বক্তব্যে সারাদেশে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে পরিবারসহ সমাজের প্রতিটি প্রতিষ্ঠানের অংশগ্রহণের আহ্বান জানান। রাজধানীতে সচিবালয়ের পাশের আব্দুল গণি রোড, কেন্দ্রীয় শহীদ মিনার, সংসদ ভবনের দক্ষিণ পাশের বড় সড়ক, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন হবে।