ভারতীয় দলে ফিরলেন যুবরাজ

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৩, ২১:৪৮
অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী ১০ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে ভারতীয় দলে ফিরেছেন বাঁহাতি ব্যাটসম্যান যুবরাজ সিং। দিনেশ কার্তিকের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন তিনি। চ্যালেঞ্জার্স ট্রফি এবং ওয়েস্ট ইন্ডিজ-এ দলের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে দুর্দান্ত পারফরমেন্সই তাকে জাতীয় দলে ফিরিয়ে এনেছে। এদিকে দুই উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগ এবং গৌতম গম্ভীর আবারো উপেক্ষিত হয়েছেন। ফর্মহীনতার কারণেই নির্বাচকদের দৃষ্টি আকর্ষণে উভয়ই ব্যর্থ হয়েছেন। সামপ্রতিক ঘরোয়া ও প্রথম শ্রেণীর ক্রিকেটে শেবাগ কিংবা গম্ভীর কেউই নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। সোমবার ভারতীয় নির্বাচকরা টি-টোয়েন্টি এবং সাত ওয়ানডের মধ্যে প্রথম তিনটির জন্য জাতীয় দল ঘোষণা করেন। সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি ১০ অক্টোবর রাজকোটে অনুষ্ঠিত হবে। আর ওয়ানডে সিরিজের প্রথম তিনটি ম্যাচ যথাক্রমে ১৩ অক্টোবর পুনে, ১৬ অক্টোবর জয়পুর এবং ১৯ অক্টোবর মোহালিতে অনুষ্ঠিত হবে। যুবরাজ সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে চলতি বছরের জানুয়ারিতে ধর্মশালায় ওয়ানডে ম্যাচ খেলেছিলেন। এর পরপরই বাজে ফর্মের কারণে চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে তিনি ছিটকে পড়েছিলেন। ফ্রান্সের ফিটনেস প্রোগ্রামে অংশ নেবার পরে যুবরাজ এ তালিকাভুক্ত ক্রিকেটে নিজের ফর্ম ফিরে পান। সফরকারী ওয়েস্ট ইন্ডিজ-এ দলের বিপক্ষে সীমিত ওভারের ম্যাচে ভারতীয়-এ দলের হয়ে তিনি সর্বোচ্চ স্কোরার হিসেবে সিরিজ শেষ করেন। তিন ম্যাচে একটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরিসহ ৭৪.৬৬ গড়ে তিনি ২২৪ রান সংগ্রহ করেছেন। চ্যালেঞ্জ ট্রফিতেও তিনি ইন্ডিয়া ব্লু’র হয়ে অর্ধশতক হাঁকিয়েছেন। - বাসস স্কোয়াড :মহেন্দ্র সিং ধোনী (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, যুবরাজ সিং, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, রবীচন্দ্র অশ্বিন, ভুবনেশ্বর কুমার, ইশান্ত শর্মা, বিনয় কুমার, অমিত মিশ্র, আম্বাতি রাইডু, শামি আহমেদ, জয়দেব উনাদকাত্।