আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আমরা নির্বাচন করবোই, নির্বাচনের কোন বিকল্প নেই। সংলাপ হলে সংসদে হবে, আর কোথাও হবে না। বিএনপি ও জামায়াত যত ষড়যন্ত্র করুক না কেন নির্বাচন আমরা করবোই, কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। মোহাম্মদ নাসিম রবিবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জে ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহবায়ক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ ময়েজ উদ্দিনের ২৯তম শাহাদাত্ বার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জামালপুর ইউনিয়নে চুপাইর স্কুল মাঠে স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম নজরুল ইসলাম। কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও শহীদ ময়েজ উদ্দীনের কন্যা মেহের আফরোজ চুমকি এমপি, অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক এমপি প্রমুখ।
মেহের আফরোজ চুমকি এমপি বলেন, যে কাজ করে তারই ভুল হতে পারে। আমি ভুল করলে আপনারা ক্ষমা করবেন। আগামীতে নৌকা ছাড়া কোন বিকল্প নেই।
