চট্টগ্রামে কঠোর নিরাপত্তা

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৩, ২২:৪৯
মানবতাবিরোধী অপরাধে বিচারাধীন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়কে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় চট্টগ্রাম মহানগরী ও বিভিন্ন উপজেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। নৈরাজ্য ঠেকাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, হাটহাজারী ও সীতাকুণ্ড উপজেলায় আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে বিজিবি মোতায়েন করা হবে বলে জেলা পুলিশ সুপার একেএম হাফিজ আকতার ইত্তেফাককে জানান। এছাড়া মহানগরীর বিভিন্ন পয়েন্টে আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত ২ হাজার সদস্য মোতায়েনের পাশাপাশি নজরদারি জোরদার করা হবে সিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) বনজ কুমার জানিয়েছেন। প্রয়োজনে নগরীতেও বিজিবি মোতায়েন করা হতে পারে।