জাতিসংঘে বাংলাদেশি নিলুফারের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৪
নিলুফা ইয়াসমীন নামে এক বাংলাদেশি নারীর ভূয়সী প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের নির্ধারিত ভাষণে জাপানী প্রধানমন্ত্রী আর্থ-সামাজিক কর্মকাণ্ডে অনবদ্য অবদানের জন্য বাংলাদেশি নিলুফা ও তার বন্ধুদের কথা তুলে ধরেন। তাকে ‘পালি গ্লু লেডি’ আখ্যা দিয়ে শিনজো আবে বলেন, এক সময়ে দারিদ্র্যপীড়িত নিলুফার স্বপ্ন ছিল চিকিত্সক হওয়া। সেই স্বপ্ন পূরণ হয়নি। কিন্তু সেই নিলুফা আজ সবার এক মূল্যবান সম্পদ। তিনি একজন স্বাবলম্বী সফল উদ্যোক্তা হিসাবে নিজেকে দাঁড় করিয়েছেন। নিলুফা দূষিত, ঘোলাটে ও দুর্গন্ধময় পানিকে বিশুদ্ধ ও পানের উপযোগী করতে পলি গ্লু প্রযুক্তি ব্যবহার করেন। জাপানে খাদ্য থেকে তৈরি পলি গ্লু দূষিত ঘোলাটে পানির সঙ্গে মেশালে তা সহজেই শুষে নেয়। প্রথমে পানিতে অতিরিক্ত উপাদানগুলো লেগে থাকে ও পরে তলানিতে চলে যায়। এর ফলে পানি বিশুদ্ধ ও পরিষ্কার হয়ে যায়। জাপানী প্রধানমন্ত্রী বলেন, নিলুফা ও অন্য পলি গ্লু লেডিরা আজ একই সঙ্গে বিক্রেতা ও প্রশিক্ষক হিসাবে কাজ করছেন। এভাবেই নারীর ক্ষমতা যেভাবে বেড়ে উঠছে তা সহজেই লক্ষ্য করা যায়। নিলুফা এখন বিশুদ্ধ পানির ডক্টর হিসাবে অভিহিত। জাপান সরকার এমন অসংখ্য নিলুফাকে উত্সাহ ও সহায়তা দেবে।