রামপাল তাপ বিদ্যুত্ প্রকল্পে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশনা চেয়ে দায়েরকৃত রিট আবেদনের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। আদালতে আবেদনকারীর পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. মোখলেসুর রহমান শুনানি করেন। মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, শুনানির এক পর্যায়ে আদালত এ বিষয়ে দায়ের হওয়া ইতিপূর্বেকার রিট আবেদনের আদেশ দেখতে চায়। তাত্ক্ষণিকভাবে তা দেখানো সম্ভব না হওয়ায় বুধবার পর্যন্ত শুনানি মুলতবি করে আদালত।
সুপ্রিম কোর্টের চার আইনজীবী আসাদুজ্জামান সিদ্দিকী, মো. একলাস উদ্দিন ভুঁইয়া, মাহবুবুল ইসলাম ও সৈয়দা শাহিন আরা লাইলী হাইকোর্টে এ রিট দায়ের করেন।
