বাগদাদ জুড়ে সিরিজ বোমায় নিহত ৬০

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৫
ইরাকের বাগদাদ প্রদেশ জুড়ে গতকাল সোমবার উপর্যুপরি গাড়িবোমা হামলায় অন্তত ৬০ জন নিহত ও ১০০ জনের বেশি লোক আহত হয়েছে। মূলত শিয়া প্রধান এলাকাগুলো লক্ষ্য করেই এ হামলা চালানো হয়। নিরাপত্তা ও চিকিত্সা কর্মকর্তারা জানান, কমপক্ষে ১৪টি গাড়িবোমা হামলা চালানো হয়। ছয়টি শিয়া প্রধান এলাকা ছাড়াও এমন একটি এলাকায় হামলা চালানো হয়েছে যেখানে বিভিন্ন সমপ্রদায়ের লোক বাস করে। এলাকাটির সামান্য উত্তরে এ হামলা চালানো হয়। এছাড়াও দুটি সুন্নী প্রধান এলাকায়ও হামলা চালানো হয়। খবর এএফপি ও দ্য ডনের। এক খবরে বলা হয়, বাগদাদের উত্তরাঞ্চলীয় এলাকা সদর সিটিতে একটি গাড়ি বোমা হামলায় অন্তত তিন জন নিহত ও ১০ জন আহত হয়েছে। বাগদাদের উত্তরে অবস্থিত শিয়া অধ্যুষিত কাদিমিয়াহতে সবচেয়ে ভয়াবহ হামলাটি চালানো হয়। এখানে দু’টি গাড়ি বোমা হামলায় অন্তত ২৭ জন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছে। নগরীর শিয়া এলাকাগুলোর মার্কেট এবং গাড়ি পার্কিং এর জায়গাগুলোতে সোমবার এ বোমা হামলা হয় বলে জানিয়েছে পুলিশ। নিউ বাগদাদ, হাবিবিয়া, সাবা আল-বৌউর, কাজিমিয়া, সাব এবং উর সহ সুন্নি এলাকা জামিয়া এবং গাজালিয়াতেও গাড়িবোমা হামলা হয়েছে। এই সিরিজ হামলার দায় কেউ স্বীকার করেনি।