কানাইঘাটে শিবির-ছাত্রদল সংঘর্ষে ১৮ দলের সমাবেশ পণ্ড

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৭
স্থানীয় ছাত্রদল-শিবির নেতা-কর্মীদের সংঘর্ষে জেলার কানাইঘাট উপজেলায় পণ্ড হয়ে গেছে ১৮ দলীয় জোটের সমাবেশ। বিরোধী দলের নেত্রী খালেদা জিয়ার আগামী ৫ অক্টোবর সিলেট সফর সফলের লক্ষ্যে কানাইঘাট বাজারে স্থানীয় ১৮ দলীয় জোট গতকাল সোমবার বিকালে এক সমাবেশের আয়োজন করে। সমাবেশ শুরুর পর ছাত্রদল মিছিল নিয়ে মঞ্চের কাছে আসতে চাইলে ছাত্র শিবিরের নেতা-কর্মীরা বাধা দেয়। এ নিয়ে ২ দলের নেতা-কর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষ শুরু হলে অন্তত ২৫ জন আহত হন। সংঘর্ষে আহত ছাত্রদলের ৩ কর্মীকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কানাইঘাট থানার ওসি আবদুল আউয়াল চৌধুরী বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।