প্রণব মুখার্জীর কাছ থেকে পুরস্কার নিলেন জাহাঙ্গীর কবীর নানক

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৩, ২২:৫৭
দারিদ্র্য বিমোচনে সাফল্যের স্বীকৃতি পেল বাংলাদেশ। নয়াদিল্লীতে গতকাল সোমবার ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী সাফল্যের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব এম এ কাদের সরকার উপস্থিত ছিলেন। ভারতের রাষ্ট্রপতি দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। নয়াদিল্লী থেকে প্রতিমন্ত্রী ইত্তেফাককে জানান, সিরডাপের ২৯তম নির্বাহী কমিটির এবং গভর্নিং কাউন্সিলের ১৯তম বৈঠকে উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে অসামান্য সাফল্য অর্জনের জন্য বাংলাদেশকে পুরস্কৃত করা হয়। এছাড়া একই উদ্দেশ্যে ভারত ও থাইল্যান্ডকে অনুরূপভাবে পুরস্কৃত করা হয়েছে। ইত্তেফাককে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দারিদ্র্য বিমোচনে নেয়া বিভিন্ন কর্মসূচি সভায় তুলে ধরা হয়। ভারতের রাষ্ট্রপতি এসব কর্মসূচিতে সন্তোষ প্রকাশ করে ভবিষ্যতে বাংলাদেশ সকল ক্ষেত্রে সাফল্য অর্জনে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন। এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের জোটভুক্ত প্রতিষ্ঠান সিরডাপের ২৯তম নির্বাহী কমিটি এবং গভর্নিং কাউন্সিলের ১৯তম বৈঠক গত ২৭ থেকে ৩০ সেপ্টেম্বর নয়াদিল্লীতে অনুষ্ঠিত হয়। এতে ১৫টি দেশের পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন সংক্রান্ত মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবরা যোগ দেন।