ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় মোট ছয় হাজার ৬৬৮টি আসনের বিপরীতে দুই লাখ ৬২ হাজার ৯০৩ জন ভর্তিচ্ছু ?আবেদন করেছেন। ভর্তির জন্য এবছর প্রতি আসনে লড়বেন ৩৯ জন শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের পুরাতন সিনেট ভবনে গতকাল সোমবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়। দুপুর ১২টা ৫০ মিনিটে বর্তমান শিক্ষাবর্ষের আবেদন প্রক্রিয়ার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
সাংবাদিক সম্মেলনে ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক জানান, ভর্তিচ্ছুদের মধ্যে ১ লাখ ৫৯ হাজার ১৯০ জন পুরুষ শিক্ষার্থী এবং ১ লাখ ৩ হাজার ৬৪২ জন নারী শিক্ষার্থী আবেদন করেছেন। যারা ইতিমধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সমাপ্ত করেছেন কিন্তু ব্যাংক রশিদ ডাউনলোড করেননি বা ব্যাংকে টাকা জমা দেননি তারা রশিদ ডাউনলোড করে ব্যাংকে টাকা জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। ব্যাংকে টাকা জমা দিয়েছেন এমন আবেদনকারীর সংখ্যা দুই লাখ ২৫ হাজার ৭১৪ জন।
কেন্দ ীয় ভর্তি অফিস জানায়, ইউনিট ভিত্তিক সবচেয়ে বেশি আবেদন পড়েছে ঘ ইউনিটে। এ ইউনিটের এক হাজার ৩৫৬টি আসনের বিপরীতে আবেদন করেছে ৯০ হাজার ৮৪৩ জন। ক ইউনিটের (বিজ্ঞান অনুষদ) এক হাজার ৬১৮টি আসনের বিপরীতে ৭১ হাজার ৯৫৭ জন, খ ইউনিটের (কলা ও সমাজবিজ্ঞান অনুষদ) দুই হাজার ৫০০ আসনের বিপরীতে ৩৯ হাজার ৫৫ জন, গ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ) এক হাজার ৭৫টি আসনের বিপরীতে ৪৯ হাজার ৯৯৬ জন এবং চ ইউনিটের (চারুকলা অনুষদ) ১১৯ আসনের বিপরীতে ১১ হাজার ৫২ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
গত শিক্ষাবর্ষের চেয়ে এবছর ১৫ হাজার ৭৮২ জন বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। সম্মিলিতভাবে আবেদনকারীর সংখ্যা বাড়লেও গত বছরের চেয়ে এ বছর খ ইউনিটে আবেদনের সংখ্যা কমেছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (admission.univdhaka.edu) পাওয়া যাবে।
আগামী ১ নভেম্বর ঘ ইউনিটের পরীক্ষা গ্রহণের মধ্য দিয়ে এ বছরের ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ২২ নভেম্বর ক ইউনিট, ৮ নভেম্বর খ ইউনিট, ১৫ নভেম্বর গ ইউনিট এবং ২৩ নভেম্বর চ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক সহিদ আকতার হুসাইন, ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রশীদ।
