খুলনার জনসভায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দেয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। দলীয় কার্যালয়ে গতকাল সোমবার বিকালে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা বলেন, খুলনার উন্নয়নে দেয়া খালেদা জিয়ার বক্তব্য সঠিক নয়। বিএনপির সময়ই খুলনার মিল-কলকারখানা বন্ধ ছিল। হাজার হাজার শ্রমিক বেকার হয়ে অনাহারে-অর্ধাহারে দিন কাটিয়েছে। বিগত দিনে বিএনপিই খুলনার সকল উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছিল।
খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পড়েন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক। তিনি বলেন, খালেদা জিয়া খুলনায় যা বলেছেন, তার সাথে বাস্তবতার কোনো মিল নেই। সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনুর রশীদ, চিশতী সোহরাব হোসেন, এডভোকেট বাদশা মিয়া, গাজী মোহাম্মদ আলী, গাজী আবদুল হাদী, সুজিত কুমার অধিকারী, এম ডি এ বাবুল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
