এবার বাংলা ভাষায় কথা বলবে রোবট। এ কথা শুনে বিশেষ করে বাঙালিরা অবশ্যই খুশি হবেন। কারণ বিশ্বে বিভিন্ন দেশে এ যাবত্ যেসব রোবট তৈরি করা হয়েছে সব ইংলিশে কথা বলে। এই রোবটটি আবিষ্কার করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ইলেকট্রিক্যাল বিভাগের ছাত্র সাদলী সালাহউদ্দিন ও সৌমিন ইসলাম। ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের প্রধান মো. রফিকুল ইসলাম শেখ জানান, রোবটটি প্রদর্শনকালে বাংলা শব্দ ডানে যান, বামে যান, থামুন, এবার চলুন এ সমস্ত আদেশের মাধ্যমে কিভাবে কাজ করছে এটি দেখান হয়। রফিকুল ইসলাম আরও বলেন, রোবটটি যদি বাণিজ্যিকভাবে উত্পাদন করা যায় তবে বাংলাদেশের বাকপ্রতিবন্ধীদের জন্য একটা যুগান্তকারী পদক্ষেপ হিসেবে কাজ করবে।
রোবট উদ্ভাবক দলের প্রধান সাদলী সালাহউদ্দিন জানান, রোবটটি বাংলাতে যেকোনো আদেশ করলে সে অনুযায়ী কাজ করতে সক্ষম। আবার যারা বাকপ্রতিবন্ধী বা কথা বলতে অক্ষম তাদের জন্যও রোবটটিতে যোগ করা হয়েছে বিশেষ সংবেদনশীল ব্যবস্থা। যার মাধ্যমে রোবটটিকে ইশারা করলেই সে অনুযায়ী কাজ করতে পারবে। রোবটটিকে ইন্টারনেট সংযোগের মাধ্যমে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে নিয়ন্ত্রণ করা যাবে। ইন্টারনেটে প্রবেশ করে একটা সফটওয়্যারের মাধ্যমে প্রথমে একটি নিরাপত্তা কোডের মাধ্যমে রোবটটির সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে। এরপর রোবটটি থেকে একটা নিশ্চয়তামূলক বার্তা এলেই কাজ শেষ। মূলত দূরে অবস্থানকারী ব্যক্তির কাছে রোবটটির আশেপাশের পরিবেশের জীবন্ত ভিডিও প্রতি মুহূর্তে পাঠাতে থাকবে। আর ভিডিওগুলো দেখে নিয়ন্ত্রণকারী ব্যক্তি সিদ্ধান্ত নেবে কখন কী করতে হবে। সাথে সাথে গ্লোবাল পজিশনিং সিস্টেমের (জিপিএস) মাধ্যমে রোবটটি স্যাটেলাইটের সাথে সংযোগ করতে পারবে। ফলে মানচিত্রের মাধ্যমেও রোবটটির অবস্থানও নিশ্চিত হওয়া যাবে।
