দখলবাজদের কবলে ইছামতি

পাবনার খরস্রোতা নদীটি এখন ময়লার ভাগাড়

আপডেট : ০১ অক্টোবর ২০১৩, ১৯:২৩
পাবনা শহরের মাঝ দিয়ে প্রবাহিত ইছামতি নদী তার যৌবন হারিয়েছে। নানা কারণে ইছামতি এখন মরা খালে পরিণত হয়েছে। মশা উত্পাদনের ভাগাড়ে পরিণত হয়েছে। একই সাথে শহরে ময়লা আবর্জনা নিয়ে ফেলা হচ্ছে ইছামতিতে। একই সাথে দখলবাজদের কবলে চলে যাচ্ছে এক সময়ের প্রবাহমান নদী ইছামতি। পাবনাবাসীর দুঃখ এখন এই ইছামতি নদী। মাঝে ইছামতি দখলমুক্ত ও কচুরিপানাসহ অন্যান্য আবর্জনা পরিস্কার করার উদ্যোগ নেওয়া হলেও তা আর বাসত্মবায়ন হয়নি। বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় ক্ষমতার আর্শিবাদ নিয়ে সুবিধাবাদী একদল মানুষ দখল করে নিচ্ছে এ নদী। নদীর তীরজুড়ে তারা তৈরি করছে নানা স্থাপনা। নদীটির কোন দেখভাল না করায় সেখানে রাজত্ব করছে কচুরিপানা। শহরের যাবতীয় ময়লা ফেলার অলিখিত ভাগাড়ে পরিণত হয়েছে। প্রবাহমান থাকার সময়ের সে স্বচ্ছ পানি এখন আর নেই। ইছামতির দূষিত পানি আশে-পাশের মানুষের জন্য নানা রোগের কারণ হয়ে দেখা দিয়েছে। শহরবাসীর আশীর্বাদ না হয়ে অভিশাপ হয়ে দেখা দিয়েছে এই নদী। তাদের দাবি ইছামতি দখলমুক্ত করে এটাকে প্রবাহমান করার উদ্যোগ নিয়ে তা বাস্তবায়ন করা হোক। এই নদীকে ঘিরে শহরে গড়ে উঠতে পারে সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র।