ফেসবুকের কনটেন্টগুলো সহজে খুঁজে পেতে চালু করা হয়েছে গ্রাফ সার্চ। ফেসবুকের নিউজ ফিডের বর্তমানের এবং অতীতের সব ঘটনা থেকে প্রয়োজনীয় যেকোনো কিছুই খুঁজে পাওয়া যায় এই সার্চের মাধ্যমে। সময়ের সাথে সাথে একে আরও বেশি কার্যকরী করে তোলার ঘোষণা এটি চালুর সময়েই দিয়েছিল ফেসবুক। সেই কথা রেখেই এবারে তারা এই সার্চের সাথে যুক্ত করেছে স্ট্যাটাস আপডেট। ফলে কোনো ফেসবুক ব্যবহারকারীর যেকোনো সময়ের স্ট্যাটাস আপডেটও সার্চ করে পাওয়া যাবে এর মাধ্যমে। শুধু স্ট্যটাস আপডেটই নয় ফটো ক্যাপশন, চেক-ইন এবং স্ট্যাটাস বা ছবিতে করা মন্তব্যও খুঁজে বের করা যাবে গ্রাফ সার্চের মাধ্যমে। সকলের জন্য উন্মুক্ত এবং বন্ধুদের পোস্ট থেকে এসব উপাদান খুঁজে বের করা যাবে। যেকোনো শহরের নাম, স্থান এবং সময়ের সাথে সম্পর্কিত করে এই সার্চ কার্যকরী হবে। ফেসবুকের একজন মুখপাত্র নতুন এই সেবা সম্পর্কে জানিয়েছেন, ‘ফেসবুক পোস্ট এবং স্ট্যাটাস আপডেটকেও আমাদের সার্চ ইঞ্জিনের সাথে যুক্ত করা একটি বিশাল চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য। কারণ এর জন্য ট্রিলিয়ন ট্রিলিয়ন পোস্ট ও স্ট্যাটাস আপডেটের ইনডেক্স করার প্রয়োজন ছিল। আমরা খুশি যে শেষ পর্যন্ত এটি আমরা করতে পেরেছি।’ ফেসবুক জানিয়েছে, প্রাথমিকভাবে গ্রাফ সার্চ ব্যবহার করা কিছু ফেসবুক ব্যবহারকারীর মধ্যে পরীক্ষামূলকভাবে চালু করা হবে এই সেবা। পরবর্তী সময়ে তাদের কাছ থেকে অভিজ্ঞতা নিয়েই বাকি সকলের জন্য ধীরে ধীরে চালু হবে সেবাটি।
