টঙ্গীতে সাইফুল হত্যা রহস্য উদঘাটিত

আপডেট : ০১ অক্টোবর ২০১৩, ২১:১৩
টঙ্গীতে চাঞ্চল্যকর সাইফুল হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রীসহ ৩ জনকে গ্রেফতার করেছে টঙ্গী মডেল থানা পুলিশ। এ হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে নিহতের স্ত্রীর কথিত প্রেমিক রকিকে (২২) মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা থেকে আটক করা হয়েছে। শনিবার রাতে টঙ্গী থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিহতের স্ত্রী টুম্পার কথিত প্রেমিক রকিকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রবিবার টুম্পাকে ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। এরপর নিহতের স্ত্রী টুম্পা পুলিশকে তার স্বামী সাইফুল হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। টুম্পার প্রেমিক রকি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তার বাড়ি জামালপুর জেলায়। এদিকে সোমবার টঙ্গী মডেল থানায় গাজীপুর জেলা পুলিশ সুপার আব্দুল বাতেন পিপিএম-এর উপস্থিতিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে আসামিদের হত্যার স্বীকারোক্তি তুলে ধরেন। হত্যা সম্পর্কে আসামি রকি জানান, তার সাথে টুম্পার ফেইস বুকের মাধ্যমে এক বছর পূর্বে পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে তাদের দু’জনের মধ্যে গড়ে উঠে অবৈধ প্রেমের সম্পর্ক। সাইফুলকে হত্যা করার জন্য ভাড়াটে সন্ত্রাসীদের টুম্পা প্রথমে বিকাশের মাধ্যমে মোটা অংকের টাকা লেনদেন করে বলেও জানা গেছে। এরপর ওই সন্ত্রাসীরা অত্যন্ত সু-পরিকল্পিতভাবে সাইফুলকে হত্যা করে। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও টঙ্গী মডেল থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, মামলাটি সুষ্ঠুভাবে তদন্ত করায় প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি।