সময়মতো কাজ শুরু না করার ধকলটা ভালোভাবেই টের পাচ্ছে সিলেট বিভাগীয় স্টেডিয়াম কর্তৃপক্ষ। এখন দিনরাত কাজ করেও কুলকিনারা করতে পারছে না। সঙ্গত কারণেই আইসিসির বেঁধে দেয়া সময়সীমা ৩০ সেপ্টেম্বরের মধ্যে মাঠের কাজ শেষ হয়নি। বিসিবি তাই আরো ১৫ দিনের সময় চেয়েছে আইসিসির কাছে। অপরদিকে গতকাল মঙ্গলবার মাঠ পরিদর্শনে আসা আইসিসি প্রতিনিধি দল সিলেটের ভেন্যুটির আন্তর্জাতিক মর্যাদা প্রাপ্তির পক্ষে ইতিবাচক কোন ইঙ্গিত দেয়নি। কাজের এই ধীরগতির কারণে বারবার আসতে হচ্ছে আইসিসি প্রতিনিধি দলকে। এ নিয়ে ক্রিকেটের বিশ্ব সংস্থার কর্মকর্তারা পাঁচ দফা মাঠ পরিদর্শন করলো। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতও সিলেট সফরে এলেই ছুটে যাচ্ছেন মাঠে। কাজ দ্রুত শেষ করতে নির্দেশ দিচ্ছেন সংশ্লিষ্টদের। এ মাসের শেষ দিকে প্রতিনিধি দল আবারও মাঠ দেখতে সিলেটে আসবে। এদিকে মাঠের কাজ শতভাগ শেষ না হওয়ায় আগামী ৬ নভেম্বর সিলেটে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার নির্ধারিত টি টুয়েন্টি ম্যাচটি আয়োজন নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। পাশাপাশি আগামী বছরের টি টুয়েন্টি বিশ্বকাপের ম্যাচ আয়োজনও আশা নিরাশা দোলাচলে দুলছে। যদিও বিসিবির সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট মাহবুব আনাম আশাবাদী যে, ৬ নভেম্বরের আগেই সিলেট স্টেডিয়াম আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা পাবে এবং নিউজিল্যান্ডের সাথে নির্ধারিত খেলাও এখানে হবে।
গতকাল সিলেট বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শনকালে আইসিসির ইভেন্ট ম্যানেজার ক্রিস টেটলির নেতৃত্বে তিন সদস্যের প্রতনিধি দল সিলেট বিভাগীয় স্টেডিয়ামের উইকেট, মাঠ, নির্মানাধীন গ্রান্ড স্ট্যান্ড, প্রেসবক্স, গ্যালারি ও ফ্লাড লাইটসহ বিভিন্ন কাজ ঘুরে ঘুরে দেখেন। পরিদর্শন শেষে টেটলি সাংবাদিকদের বলেন, ‘মাঠে কাজের অগ্রগতি দেখলাম। আমাদের চাহিদা অনুযায়ী কাজ চলছে।’ কাজের অগ্রগতিতে সন্তুষ্ট কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখানে সন্তুষ্টির বিষয় নয়। অনেক কাজ হয়েছে, আরো অনেক কাজ বাকি রয়েছে। কাজের অগ্রগতি দেখতেই বারবার আমাদের এখানে আসা।’ মাহবুব আনাম বলেন, ‘বিসিবি সব ভ্যেনু নিয়েই কাজ করছে। আবহাওয়া প্রতিকূল থাকার কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি।’ এসময় তিনি প্রতিনিধি দলের কাছে আরো ১৫ দিন সময় চেয়েছেন। এ সময়ের মধ্যে মাঠ খেলার উপযোগী করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, প্রায় ৮৭ কোটি টাকা ব্যয়ে সিলেট বিভাগীয় স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ প্রকল্পের কাজ গত জুন মাসে শুরু হয়।
