কৃতি শার্টলার শাপলা আক্তার রক্সি পেইন্টস সামার ওপেন র্যাঙ্কিং ব্যাডমিন্টনে দ্বিমুকুট জয় করেছেন। গতকাল মঙ্গলবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে সকালে একক ফাইনালে ২-০ সেটে নাবিলা আক্তারকে এবং এর কিছুক্ষণ পর এলিনা সুলতানাকে পার্টনার করে দ্বৈতের ফাইনালে ২১-১২, ২১-১৫ পয়েন্টে নাবিলা-আখি জুটিকে হারালে নিট কনসার্ন ব্যাডমিন্টন ক্লাব চ্যাম্পিয়ন হয়। এ বছর জাতীয় চ্যাম্পিয়নশিপে ত্রিমুকুট জয়, এপ্রিলে অষ্টম বাংলাদেশ গেমসেও একই কৃতিত্ব দেখান শাপলা।
শাটলার এনামুল হক পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন। বাংলাদেশ গেমসের সেমিফাইনালে ছিটকে পড়া এনামুল হারিয়েছেন পরশকে। পুরুষ দ্বৈতে শ্যামল খালেদ জুটি হারিয়েছেন পরশ মাশরাফি জুটিকে। ফাইনাল শেষে ব্যাডমিন্টন ফেডারেশনের সহসভাপতি মোঃ আমির হোসেন বাহারের সভাপতিত্বে বিজয়ীদের পুরস্কৃত করেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব শিবনাথ রায়।
