বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় ঘোষণার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এসব ঘটনা ঘটে। রায় ঘোষণার পর বন্দর নগরী চট্টগ্রামের পরিস্থিতিও উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষিপ্তভাবে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সালাহউদ্দিন কাদেরের নিজের এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়াতেও বিক্ষোভ-ভাঙচুর হয়েছে। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা সড়ক অবরোধ করেন। এদিকে আদালতের এই রায় প্রত্যাখ্যান করে চট্টগ্রামে আজ পূর্ণ দিবস হরতাল ডেকেছে চট্টগ্রাম মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুর আড়াইটার দিকে রাজধানীর বঙ্গবাজার মোড়ে একটি কাভার্ড ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় চালক নূরুল ইসলাম (২৫) দগ্ধ হন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল ও ভাঙচুর করা হয়। এ সময় ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
উত্তপ্ত চট্টগ্রামে
আজ হরতাল
আমাদের চট্টগ্রাম অফিস জানায়, সালাহউদ্দিন কাদের চৌধুরীর রায় ঘোষণার পর চট্টগ্রামের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এদিকে রায় প্রত্যাখ্যান করে আজ বুধবার চট্টগ্রামে পূর্ণদিবস হরতাল আহ্বান করেছে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। গতকাল দুপুরে নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে হরতালের ঘোষণা দেয়া হয়।
রাঙ্গুনিয়ায় ভাঙচুর-অবরোধ,
গ্রেফতার ৬
আমাদের রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, সালাহউদ্দিন কাদের চৌধুরীর যুদ্ধাপরাধ মামলার রায়কে কেন্দ্র করে রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্নস্থানে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
