ওয়েব সাইটে দেখা যায়, মে মাসেই রায় লেখা হয়েছে :ব্যারিস্টার মওদুদ

আপডেট : ০১ অক্টোবর ২০১৩, ২২:১৭
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ওয়েব সাইটের তথ্য থেকে দেখা যায় গত মে মাসেই সালাহউদ্দিন কাদের চৌধুরীর রায় লেখা হয়েছে। অথচ ওই সময় এই মামলার সাক্ষীও শেষ হয়নি। তিনি বলেন, বিচারপতি, আইনজীবী ও সাধারণ নাগরিক যারা আমরা আইনের শাসনে বিশ্বাস করি তাদের কেউ কোনদিন প্রত্যাশা করিনি কোন আদালতের রায় ঘোষণার আগে এটি প্রকাশিত হয়ে যায়। এই রায় প্রকাশের ঘটনা বাংলাদেশে নজিরবিহীন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী এমপির বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কর্তৃক আয়োজিত এক প্রেস-ব্রিফিংয়ে ব্যারিস্টার মওদুদ এসব কথা বলেন। ব্যারিস্টার মওদুদ বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এই রায় ঘোষণার আগেই ইন্টারনেটের মাধ্যমে সমস্ত রায়টাই কিন্তু কালকে সবাই পেয়ে গেছে। যারা ইন্টারনেট ওপেন করেছেন তারাই পেয়েছেন।