আদালতের বারান্দা থেকে পড়ে কলেজ ছাত্রীর মৃত্যু

আপডেট : ০১ অক্টোবর ২০১৩, ২২:১৯
ঢাকা জেলা দায়রা জজ আদালত ভবনের চারতলার বারান্দা থেকে নিচে পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত ছাত্রীর নাম রাবেয়া আক্তার লাকি (২৩)। সে রাজধানীর আবুজর গিফারী বিশ্ববিদ্যালয় কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার বিকাল চারটার দিকে এ ঘটনা ঘটে। এটি হত্যা না আত্মহত্যা সে বিষয়ে পুলিশ অনুসন্ধান শুরু করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ধারণা, প্রেম কিংবা বিয়ে সংক্রান্ত কোন ঝামেলা মেটাতে লাকি আদালতে গিয়েছিলেন। পরে বনিবনা না হওয়ায় ভবনের চার তলা থেকে লাফিয়ে আত্মহত্যা করেন। নিহতের স্বজনরা জানান, লাকি মালিবাগ চৌধুরীপাড়ার ৩২ নম্বর বাড়িতে পরিবারের সঙ্গে থাকতেন। তবে কি কারণে সে আদালতে গিয়েছিল তারা সেটা জানাতে পারেননি। লাকিকে উদ্ধারকারী অ্যাডভোকেট নজরুল ইসলাম শামীম বলেন, বিকালে জজকোর্ট ভবনের পেছনে অবস্থিত আইনজীবী সমিতির অফিসে নেতৃবৃন্দের সঙ্গে তিনি মিটিং করছিলেন। হঠাত্ প্রচণ্ড শব্দ কানে আসে। বের হয়ে তিনি দেখতে পান একজন তরুণী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। দৌড়ে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে স্থানীয় ন্যাশনাল হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। জরুরি বিভাগের চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। এর আগে তিনি মেয়েটির সঙ্গে থাকা ফোন থেকে কয়েকটি নম্বরে কল দিয়ে তার পরিচয় জানতে পারেন। হাসপাতাল সূত্র জানায়, রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করার পর থেকেই শফিক নামে এক যুবক উদ্ধারকারী আইনজীবীর মোবাইল ফোনে ৩-৪ বার কল করেন। লাকির বন্ধু পরিচয়ে তার সর্বশেষ শারীরিক অবস্থা জানার চেষ্টা করেন। তবে লাকিকে মৃত ঘোষণার পরপরই ঐ যুবকের মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায়। কোতোয়ালী থানার এসআই শহীদুল ইসলাম বলেন, লাকির বন্ধু পরিচয়দানকারী শফিক নামের ঐ যুবককে খোঁজা হচ্ছে। তাকে পাওয়া গেলে এ মৃত্যু রহস্য উদঘাটন হতে পারে।