গত ২৯ সেপ্টেম্বর দৈনিক ইত্তেফাকে প্রকাশিত “ফ্লাইওভারের নিচের রাস্তা হঠাত্ বন্ধ, ভোগান্তি চরমে” শীর্ষক সংবাদের প্রতিবাদ করে মেয়র হানিফ ফ্লাইওভার প্রকল্পের প্রকল্প পরিচালক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আশিকুর রহমান প্রেরিত এক বক্তব্যে বলা হয়, উদ্বোধনের নামে ফ্লাইওভারের নিচের সব রাস্তা বন্ধ করে সৌন্দর্য বর্ধনের কাজ চলার অভিযোগটি অসত্য ও বাস্তবনির্ভর নয়। বাস্তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞগণের তত্ত্বাবধানে ফ্লাইওভার প্রকল্পের অবকাঠামো নির্মাণ চলছে, সৌন্দর্য বর্ধনের কোন কাজ চলছে না। রাস্তা বন্ধ করে নয়, জন ও যান চলাচল অব্যাহত রেখে আধুনিক প্রযুক্তিতে ইয়ার্ডে নির্মিত অবকাঠামো যান্ত্রিক পদ্ধতিতে স্থাপনের মাধ্যমে ফ্লাইওভার নির্মাণ শেষ পর্যায়ে রয়েছে। খুব শীঘ্রই চালু করা যাবে। প্রকল্প পরিচালকের বক্তব্য হিসেবে প্রকাশিত তথ্য একেবারেই সঠিক নয়, বরং বানোয়াট ও উদ্দেশ্যমূলক। সম্পূর্ণ বেসরকারি বিনিয়োগে বাংলাদেশে প্রথম পিপিপি প্রকল্প সম্পর্কে বিভ্রান্তি দূরীকরণের লক্ষ্যে এই ব্যাখ্যা দেয়া হল।
