চামড়া পাচারের জন্য কোটি কোটি টাকা বিনিয়োগ!

আপডেট : ০১ অক্টোবর ২০১৩, ২২:২২
কোরবানির ঈদ সমাগত। তাই সক্রিয় হয়ে উঠেছে চামড়া পাচারকারীরা। ইতিমধ্যে নীলফামারীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন সীমান্তে তাঁবু খাটাতে শুরু করেছে পাচারকারীরা। প্রতি বছরের মতো এবারও সবরকম প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে তারা। চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও পাচারের সব আয়োজন সম্পন্ন। আর এ কাজে লগ্নি করা হয়েছে কোটি কোটি টাকা। নিয়োগ করা হচ্ছে গরু ব্যবসায়ী ও কসাই ছাড়াও শত-শত দালাল। তাদের হাতে তুলে দেয়া হচ্ছে লাখ লাখ নগদ টাকা। সূত্র জানায়, দেশের বাজারে চামড়ার দরপতন, ব্যাংক থেকে টাকা পেতে ঝুট-ঝামেলা, চামড়া দিয়ে আড়তদারের কাছ থেকে টাকা তুলতে হয়রানি প্রভৃতি কারণে চামড়া ওপারে পাচার হচ্ছে। প্রতি বছর এ কাজের সঙ্গে জড়িত থাকেন সীমান্তের ওপারের চামড়া ব্যবসায়ীরা। প্রতি বছরের মতো এবারও ওই সিন্ডিকেট তাদের এদেশীয় আত্মীয়-স্বজনের মাধ্যমে আগাম কোটি কোটি টাকা লগ্নি করছে। জানা গেছে, নীলফামারী সদর, ডোমার ও সৈয়দপুর উপজেলা সদরেই প্রায় ৩০ জন হিন্দু মাড়োয়ারী ও অবাঙালি ব্যবসায়ী সরাসরি এ কারবারের সাথে জড়িত। তাদের ব্যবসা প্রতিষ্ঠানে এখন চামড়া ব্যবসায়ী, কসাই আরা দালালের ভিড়। নীলফামারী শাখামাছা বাজারের কয়েকজন প্রভাবশালী হিন্দু ব্যবসায়ী চামড়া কেনার জন্য প্রকাশ্যেই দালাল নিয়োগ করেছেন।