বৃষ্টি নিয়ে অনেক গান রচিত হয়েছে। কিন্তু গরম নিয়ে তেমন কোনো উল্লেখযোগ্য সংগীত আমরা দেখি না। গ্রীষ্মপ্রধান দেশ হিসেবে গরম নিয়ে অনেক সংগীত রচিত হওয়ার কথা ছিল। যদি গরম নিয়ে গান লিখতেন আমাদের গীতিকারেরা, তবে সেটা কেমন হতো ভেবেছেন আশরাফুল ইসলাম
এখন অনেক রাত
খোলা আকাশের নিচে
একটু ঠাণ্ডা হাওয়া আমায় ডেকেছে,
তাই আমি বসে আছি
দরজার ওপাশে... দরজার ওপাশে।
আমি দোকান থেকে বিদ্যুতের এক
পাখা কিনে এনেছি,
পাখা কই আগের মতো ঘোরে না,
সে কারণে গরম মোটেও কমে না।
আট আনার জীবন
ছয় আনা গরম
গরমে ক্যামনে থাকি,
ও জীবন তোর আর দুই আনা বাকি।
রোদ উঠে গেছে তোমাদের নগরীতে
গরম এসে কড়া নাড়ে তোমাদের জানালায়,
লোডশোডিং, ভ্যাপসা গরম চেনা চেনা সবখানে
এরই মাঝে চলো মোরা হারিয়ে যাই।
আমি শুনেছি সেদিন তুমি
এসির বাতাস খেয়ে, ফ্রিজ থেকে পানি খেয়ে এসেছ,
আমি শুনেছি সেদিন তুমি
আইসক্রিমের দোকান থেকে এক বক্স আইসক্রিম কিনে এনেছ,
আবার যেদিন তুমি এসির বাতাস খাবে,
আমাকেও সাথে নিও, নেবে তো আমায়।
কাল সারারাত ছিল গরমের রাত,
ফ্যানের বাতাসে যেন বহুদিন পর
ঝরেছিল অবিরত গরমপ্রপাত,
কাল সারারাত ছিল গরমের রাত।
সারারাত জেগে জেগে গরমের ঠেলায় বসে থাকি,
পাপড়ি কেন বোঝে না, কারেন্ট কেন আসে না?
আমি তোমাকেই বলে দেব
কী যে একা গরমকাল আমি হেঁটে গেছি বিরান পথে,
আমি তোমাকেই বলে দেব
সেই লোডশেডিংয়ের গল্প
বেঁচে থাকা যায় না গরমের জ্বালায়।
